লিবিয়ায় বন্দিশালায় নির্যাতনে বহু লোকের মৃত্যু
লিবিয়ায় বিভিন্ন বন্দিশালায় মিলিশিয়াদের নির্যাতনে অনেক লোকের মৃত্যু হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। বিবিসি অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়, সংস্থাটি অভিযোগ করে ত্রিপোলি, মিসরাতা ও ঘিরাইনে বন্দীদের মাথা, হাত ও পিঠে প্রকাশ্যে আঘাত করতে দেখা গেছে। ইতিমধ্যে দাতা সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স মিসরাতায় নির্যাতনের শিকার ১১৫ জনকে চিকিত্সা সেবা দেওয়ার পর সেখানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।জাতিসংঘ এ ব্যাপারে জানায়, সেখানে কী ধরনের রোগী রয়েছেন তা এখন উদ্বেগের বিষয়।মেডিসিন সানস ফ্রন্টিয়ার্সের মহাপরিচালক ডোনাটেলা রোভেরা জানান, বন্দিশালাগুলো নিয়ন্ত্রণে রয়েছে এমন প্রতিশ্রুতির পরও দেখা যাচ্ছে সেখানে নির্যাতন বন্ধে কোনো অগ্রগতি নেই। যা সত্যিই ভয়ানক।প্রতিষ্ঠানটি জানায়, অনেক বন্দীকে জিজ্ঞাসাবাদ চলাকালে নির্যাতন করা হয়। পরে চিকিত্সার জন্য তাদের কাছে নিয়ে আসা হয়। ডোনাটেলা বলেন, ‘যুদ্ধাহত ও অসুস্থ বন্দিদের চিকিত্সা দেওয়া আমাদের কাজ। কিন্তু নির্যাতনের শিকার এক ব্যক্তিকে বারবার চিকিত্সা দেওয়া আমাদের কাজ নয়।’ জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই জানান, প্রায় ৬০টি বন্দিশালায় আট হাজার ৫০০ জনের বেশি বন্দী রয়েছে। আর তাদের বেশির ভাগই কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত। তিনি বলেন, কেন্দ্রীয় কর্তৃপক্ষের সচেতনতার অভাবেই নির্যাতন ও চিকিত্সা সংকটের মতো পরিবেশ তৈরি হয়েছে।গাদ্দাফিবিরোধী বিদ্রোহের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটার তিন মাস পেরিয়ে গেলেও লিবিয়ার কিছু কিছু জায়গায় সশস্ত্র বাহিনীর মধ্যে এখনো সংঘর্ষ চলছে। এদিকে বিদ্রোহীরা অস্ত্র ত্যাগ না করলে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন লিবিয়ার ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল।