লিবিয়ায় বাংলাদেশিরা সুস্থ আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিক্ষোভে আটকে পড়া শত শত বাংলাদেশি দেশে ফেরার চেষ্টা করছেন। আজ বুধবার সন্ধ্যায় তাঁরা মিসরের উদ্দেশে বেনগাজি ছেড়েছেন বলে জানা গেছে। তাঁরা দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেনগাজিতে কর্মরত কয়েক হাজার বাংলাদেশিকে মিসরে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার চারটি নির্মাণপ্রতিষ্ঠান।ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলনে আটকে পড়া বাংলাদেশিরা সুস্থ আছেন। সেখানে প্রায় ৫০ হাজার বাংলাদেশি আছেন।এদিকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে বা অন্য কোনো দেশে সরিয়ে নিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। আজ ঢাকায় আন্তমন্ত্রণালয় বৈঠকে আইওএম প্রতিনিধিকে ডেকে এ অনুরোধ জানানো হয়।বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশটিতে আটকে পড়া কয়েকজন বাংলাদেশি ফোনে প্রথম আলোকে জানিয়েছেন, আপাতত নিরাপদে থাকলেও বিক্ষোভ অব্যাহত থাকায় তাঁরা আতঙ্কে আছেন।বেনগাজিতে কর্মরত শফিউদ্দিন বিশ্বাস প্রথম আলোর মানিকগঞ্জের নিজস্ব প্রতিবেদককে জানান, আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে বন্দী দশা থেকে মুক্ত হয়ে প্রায় ৫০০ বাংলাদেশি মিসরের পথে যাত্রা করেছেন। সেখান থেকে তুরস্ক হয়ে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। শফিউদ্দিন মুঠোফোনে জানান, লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন জোরদার হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি বিক্ষোভকারীরা তাঁদের আটক করে বেনগাজির দায়রা এলাকার একটি ঘরে জিম্মি করে রাখে। তাঁদের সঙ্গে জিম্মি করা হয় বাংলাদেশসহ অন্যান্য দেশের আরও অন্তত দুই হাজার লোককে। তাঁদের মধ্যে মানিকগঞ্জেরই ছিলেন অর্ধশত লোক।সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটও ফাঁকা। এমন অবস্থায় আমরা বাংলাদেশের নাগরিকদের যে যেখানে আছেন, সেখানে অবস্থান করতে সতর্ক করছি। কারণ, ঘরের বাইরে আসাটা কারও জন্যই নিরাপদ নয়।’ তিনি জানান, অব্যাহত বিক্ষোভ ও কারফিউর কারণে দোকানপাট বন্ধ রয়েছে। ফলে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ দুরূহ হয়ে পড়েছে।বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চাওয়া হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আইওএমের জেনেভার সদর দপ্তরের মাধ্যমে সহায়তা পাওয়ার চেষ্টা করছি।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে কর্মরত দক্ষিণ কোরিয়ার চারটি নির্মাণপ্রতিষ্ঠান তাদের বাংলাদেশি কর্মীদের মিসরে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে হিউন্দাই, দাইয়ু, দং আহ ও ওয়ান তাদের এ পরিকল্পনার কথা বাংলাদেশকে জানিয়েছে। জানা গেছে, হিউন্দাই ও ওয়ান গতকাল তাদের বাংলাদেশের কর্মীদের মিসরে পাঠানোর পরিকল্পনার বিষয়টি ঢাকায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠান ফিনহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনে কর্মরত প্রকৌশলী নাহিদ পারভেজ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ত্রিপোলি থেকে ১৫০ কিলোমিটার দূরে মাওরা নামের একটি জায়গায় আমরা কয়েকটি শিবিরে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি অবস্থান করছি। আমরা সুস্থ আছি। তবে বিক্ষোভ অব্যাহত থাকায় কিছুটা আতঙ্কে আছি। তা ছাড়া খাবার ও পানির সরবরাহ শেষ হয়ে আসছে বলে অনিশ্চয়তায় ভুগছি।’