লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের বিষয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে না দেওয়ার প্রতিবাদে ওয়াক আউট করেছেন নবম জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। প্রধান বিরোধী দল বিএনপির টানা অনুপস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবারই প্রথম একমাত্র স্বতন্ত্র সাংসদও ওয়াকআউট করেন।পরে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, লিবিয়ায় কোনো বাংলাদেশী নাগরিকের হতাহতের খবর পায়নি সরকার। দীপু মনি বলেন, ‘আমরা লিবিয়ার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আশা করি, আমরা আমাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে পারবো।’লিবিয়ার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক নাগরিক সেখানে অনেক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রবাসী কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে।”দীপু মণি জানান, লিবিয়ায় অনেক আন্তর্জাতিক সংস্থা বিদেশী নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে। তাদের সঙ্গেও সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যাতে মিসর ও তিউনিসিয়ার অস্থায়ী শিবিরে বাংলাদেশী নাগরিকদের সরিয়ে নেওয়া যায়।পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, লিবিয়ায় বাংলাদেশের নাগরিকরা চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানে কর্মরত। ওইসব প্রতিষ্ঠানকে নিজেদের নাগরিকদের সঙ্গে তাদের অধীনে কর্মরত বাংলাদেশীদেরও সরিয়ে নিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। লিবিয়ায় ৩৭ জন বাংলাদেশী নাগরিক মারা গেছে বলে কিছু আন্তর্জাতিক প্রচারমাধ্যম প্রতিষ্ঠানের প্রকাশিত সংবাদ প্রসঙ্গে দীপু মণি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রিপোলীতে অবস্থিত আমাদের দূতাবাস সেখানে বাংলাদেশের কোনো নাগরিকের হতাহতের কোনো খবর পায়নি।’ সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশী জাহাজ ‘জাহান মণি’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে। আমরা আটককৃত নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারবো।’কথা বলতে না দেওয়ার প্রতিবাদে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে অধিবেশন থেকে বেরিয়ে যান স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। এসময় সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। এর আগে পয়েন্ট অব অর্ডারে জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ৩৭ জন নাবিক এবং লিবিয়া সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর ‘সুস্পষ্ট বিবৃতি’ দাবি করেন। এরপর ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে দাঁড়ান। আজিম বলেন, ‘আজকে বেসরকারি সদস্য দিবস। আমরা তো কোনো মিনিস্টার দেখতে পাচ্ছি না। আমরা যখন পয়েন্ট অব অর্ডারে দাঁড়াই তখনই চিফ হুইপ সাহেব আপত্তি তোলেন।’ ফজলুল আজিমের বক্তব্য শেষ না হতেই চিফ হুইপ আব্দুস শহীদ উঠে দাঁড়ান। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার আপনি কাকে মাইক দেবেন বা দেবেন না- সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আজকে প্রাইভেট মেম্বারস ডে। মিনিস্টারদের এখানে বিজনেস নেই। যাদের বিজনেস আছে, তারা এখানে আছেন।’ফজলুল আজিম তখন মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন এবং ওয়াক আউট করেন।স্বতন্ত্র এ সাংসদ সাংবাদিকদের বলেন, ‘চিফ হুইপের ইঙ্গিতে স্পিকার আমার মাইক বন্ধ করে দেন। আমি জাহান মণি এবং লিবিয়া সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চাচ্ছিলাম।’