লিবিয়ায় বিক্ষোভকারীদের হাতে সাড়ে চার শ বাংলাদেশি জিম্মি
লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রায় সাড়ে চার শ বাংলাদেশি নাগরিককে জিম্মি করেছে। দেশটির বন্দরনগর বেনগাজির ৩৫০ কিলোমিটার পূর্বের এক শহরে তাঁদের জিম্মি করা হয়েছে। জিম্মি এক বাংলাদেশির বরাত দিয়ে বিবিসি আজ সোমবার সন্ধ্যায় এ খবর জানায়।এদিকে গতকাল রোববার দেশটির রাজধানী ত্রিপোলির কাছে একটি নির্মাণাধীন স্থাপনায় বিক্ষোভকারীদের হামলায় ১৫ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপ। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলায় দক্ষিণ কোরিয়ার তিনজন নাগরিকও আহত হন।তবে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে জানানো হয়, বাংলাদেশিদের জিম্মি হিসেবে আটক থাকা বা হামলায় আহত হওয়ার ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।বিবিসি জানায়, বেনগাজি শহর থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে ভার্না শহরে গাদ্দাফিবিরোধী বিক্ষোভকারীরা প্রায় দুই হাজার লোককে জিম্মি হিসেবে আটকে রেখেছে। এঁদের মধ্যে প্রায় ৪৫০ জন বাংলাদেশি। জিম্মি বাংলাদেশিদের একজন শফিউদ্দিন বিশ্বাস মুঠোফোনে বিবিসি রেডিওকে জানান, দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে চার শ বাংলাদেশিসহ দুই হাজার কর্মকর্তা ও শ্রমিককে জিম্মি করা হয়েছে।শফিউদ্দিন বলেন, ‘নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ঘানা—এসব দেশের লোকজনসহ আমরা আছি। আমাদের প্রকল্পের কাজ এক মাস ধরে বন্ধ। অপহরণকারীরা তিন দিন আগে আমাদের কর্মস্থল থেকে একটি মাদ্রাসায় সরিয়ে নিয়ে আসে। এখন কয়েকটা বড় ভবনে আমরা আছি। একটা বড় ভবনের একটি তলায় আমরা দুই শর মতো লোক আছি। এখানে আমাদের টয়লেটের ব্যবস্থা নাই। পানি নাই।’তাঁদের জিম্মি হিসেবে রাখা হয়েছে কি না, জানতে চাইলে বাংলাদেশি ওই তরুণ বলেন, ‘যারা আমাদের আটক করেছে, তারা অস্ত্র নিয়ে আমাদের পাহারা দিচ্ছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি।’