লিবিয়ায় বিদ্রোহীদের সেনাপ্রধান গুলিতে নিহত
লিবিয়ায় বিদ্রোহীদের সেনাপ্রধান আবদেল ফাতাহ ইউনেস গতকাল বৃহস্পতিবার গুলিতে নিহত হয়েছেন। বিদ্রোহীদের নেতা মোস্তফা আবদেল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।মোস্তফা আবদেল জলিল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় আবদেল ফাতাহ ইউনেসের দুই দেহরক্ষীও নিহত হয়েছেন।আবদেল ফাতাহ ইউনেস ও তাঁর দুই দেহরক্ষী কাদের গুলিতে নিহত হয়েছে, তা পরিষ্কার নয়। তবে মোস্তফা আবদেল জলিল জানিয়েছেন, এ হত্যার জন্য দায়ী গোষ্ঠীর নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিহত আবদেল ফাতাহ ইউনেস ও তাঁর দুই দেহরক্ষীকে গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে গোপন আঁতাত থাকার বিষয়ে সন্দেহ করা হচ্ছিল। এ বিষয়ে ইউনেসকে জিজ্ঞাসাবাদের জন্য বিচার বিভাগীয় কমিটি সমন জারি করেছিল। তবে কিছু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, আবদেল ফাতাহ ইউনেস ও তাঁর দুই দেহরক্ষীকে গতকাল সকালে গ্রেপ্তার করা হয়েছিল। আবদেল ফাতাহ ইউনেস লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফির বিশ্বস্ত অনুসারী হিসেবেই পরিচিত ছিলেন। ১৯৬৯ সালে যে অভ্যুত্থানের মাধ্যমে গাদ্দাফি ক্ষমতায় আসেন, ইউনেস সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। সর্বশেষ তিনি গাদ্দাফি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে গত ফেব্রুয়ারিতে তিনি গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন।