লিবিয়ায় ভোট আজ, সহিংসতার আশঙ্কা
লিবিয়ায় দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর আজ শনিবার প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন নিয়ে ব্যাপক সহিংসতা ও জাতীয় বিভক্তির আশঙ্কা রয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। গতকাল শুক্রবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির কাছে নির্বাচনী উপকরণবাহী একটি হেলিকপ্টারে বন্দুকধারীরা গুলি চালিয়েছে। এতে এক নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। আজ ভোট শুরু হলে লিবিয়ার বিভিন্ন স্থানে আরও সহিংসতা দেখা দিতে পারে। আজ স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। রাত আটটা পর্যন্ত চলবে। জেনারেল ন্যাশনাল কনফারেন্সের ২০০ আসনের সদস্য নির্বাচনে প্রায় ২৮ লাখ নিবন্ধিত ভোটার ভোট দেবেন। ১০০টির বেশি রাজনৈতিক দল এই সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে।নির্বাচনে ইসলামপন্থীরা জয়ী হতে পারে। তবে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে নেতৃত্ব দেওয়া উদারপন্থীরা নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।দীর্ঘদিন ধরে দেশটিতে গণতন্ত্র ছিল না। নির্বাচনের তেমন কোনো প্রযুক্তি নেই। এতে জেনারেল ন্যাশনাল কনফারেন্স গঠনে কারা সমর্থন পাবে, তা আগাম বলা কঠিন। নির্বাচিত এই কনফারেন্স অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়ে দেশ শাসন করবে। তবে যুদ্ধকালীন লিবিয়ার প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন লিবারেল অ্যালায়েন্স অব ন্যাশনাল ফোর্সেসসহ তিনটি দলের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।