লিবিয়ায় ভোট গণনা শুরু
লিবিয়ায় গতকাল শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।দেশটির নির্বাচন কমিশন দাবি করেছে, নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে। কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে নির্বাচন সফল হয়েছে।জেনারেল ন্যাশনাল কনফারেন্সের ২০০ আসনের সদস্য নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ। ১০০টির বেশি রাজনৈতিক দল এতে অংশ নেয়।চার দশকেরও বেশি সময়ের স্বৈরশাসন অবসানের পর গতকালই দেশটিতে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনকে ঘিরে দেশজুড়ে উত্সবের আমেজ তৈরি হলেও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। সহিংসতার কারণে বিশেষ করে পূর্বাঞ্চলীয় এলাকার বেশ কিছু ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।এই সাধারণ নির্বাচনের মাধ্যমে লিবিয়ার জন্য একটি অস্থায়ী জেনারেল ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় পরিষদ নির্বাচিত করা হবে। পরিষদের মূল কাজ হবে একটি মন্ত্রিসভা গঠন এবং একজন প্রধানমন্ত্রী বাছাই করা।যুদ্ধকালীন লিবিয়ার প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন লিবারেল অ্যালায়েন্স অব ন্যাশনাল ফোর্সেসসহ তিনটি দলের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড কনস্ট্রাকশন পার্টির জয়ের সম্ভাবনা বেশি। তবে গাদ্দাফিবিরোধী অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া উদারপন্থীরাও নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।