লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত করবে আইসিসি
লিবিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এক আইনজীবী। গতকাল বুধবার আইসিসির আইনজীবী লুইস মরেনো ওকাম্পো এ ঘোষণা দেন বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে জানানো হয়েছে।লুইস মরেনো ওকাম্পো বলেন, লিবিয়াসংক্রান্ত প্রাপ্ত তথ্য প্রাথমিকভাবে পরীক্ষার পর তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।মানবতাবিরোধী অপরাধীদের কোনো ক্ষমা নেই বলে ঘোষণা দিয়েছেন আইসিসি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ায় গাদ্দাফিবিরোধী বিক্ষোভের সময় নিহত ব্যক্তিদের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য তারা দেশটির সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে।এর আগে গত মঙ্গলবার লুইস মরেনো ওকাম্পো বলেন, প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাসদস্যরা লিবিয়ায় সাধারণ মানুষের ওপর হামলা করছেন। এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে তুলনা করা যায়। এটা অবশ্যই বন্ধ করতে হবে। এই অপরাধের সঙ্গে জড়িত নেতাদের কোনো ক্ষমা নেই।অকল্পনীয় দ্রুততায় আইসিসি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। এ ধরনের অপরাধ তদন্তে আইসিসি সাধারণত বেশ কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় নেন।