লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘনে বিদ্রোহীরাও পিছিয়ে নেই
গাদ্দাফির অনুগত বাহিনীর পাশাপাশি লিবিয়ার বিদ্রোহীরাও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়ছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। একই সঙ্গে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ—এনটিসিকে মানবাধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।সংস্থাটির সর্বশেষ এ প্রতিবেদনে বলা হয়েছে, গাদ্দাফির অনুগত বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু গাদ্দাফিবিরোধী বিদ্রোহীরাও থেমে নেই। তারাও নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।অ্যামনেস্টি বলেছে, যুদ্ধ চলাকালীন অধিকাংশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জন্য দায়ী গাদ্দাফি বাহিনী। তবে যারা গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাও গুরুতর অপরাধের সঙ্গে জড়িত।প্রতিবেদনে বলা হয়, এখন গাদ্দাফির ভাড়াটে কৃষ্ণাঙ্গ আফ্রিকানেরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এ ছাড়া বিদ্রোহীদের হাতে ধরা পড়া গাদ্দাফির অনুগত সেনারা প্রতিশোধমূলক হত্যা ও নির্যাতনে স্বীকার হয়েছেন। যদিও অ্যামনেস্টি বলেছে, তাদের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসেনি। তবে এনটিসিকে তাদের সমর্থকদের লাগাম টেনে ধারার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে প্রতিবেদনে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এনটিসির প্রতি তদন্তের আহ্বান জানানো হয়েছে। এনটিসির বিচারমন্ত্রী মোহাম্মদ আল-অ্যালাগি বিদ্রোহীদের কার্যক্রমকে যুদ্ধাপরাধ বলতে নারাজ। তিনি বলেন, তারা সামরিক বাহিনীর সদস্য নয়, তারা শুধু সাধারণ মানুষ। তিনি আরও বলেন, বিদ্রোহী যোদ্ধাদের ভুল হতে পারে। কিন্তু এটাকে মোটেও যুদ্ধাপরাধ বলা যাবে না। বিবিসি অনলাইন।