লিবিয়ায় মার্কিন অভিযান বৈধ: হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটো নেতৃত্বাধীন লিবিয়া অভিযানে মার্কিন সেনাদের যুক্ত হওয়ার আইনগত বৈধতা রয়েছে। হোয়াইট হাউস এর পক্ষে যুক্তি দিয়েছে। গতকাল বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এর পক্ষে যুক্তি তুলে ধরা হয়। গতকাল বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের ১০ জন সদস্য লিবিয়া অভিযানে অংশ নেওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মার্কিন কেন্দ্রীয় আদালতে মামলা করেছেন। তাঁরা কংগ্রেসের অনুমোদন ছাড়া এ অভিযানে মার্কিন সেনাদের অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করেছেন বলে দ্য ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়েছে। হোয়াইট হাউস বলেছে, লিবিয়া অভিযানে মার্কিন সেনাদের অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। এর আগে গত মঙ্গলবার কংগ্রেসের স্পিকার জন বোহেনার প্রেসিডেন্ট ওবামাকে বেআইনিভাবে লিবিয়ায় অভিযানে মার্কিন সেনাদের যুক্ত রাখার জন্য অভিযুক্ত করেন। লিবিয়া অভিযানে মার্কিন সেনাদের অংশগ্রহণের বিরোধিতাকারী কংগ্রেস সদস্যরা যুক্তি দেন, ভিয়েতনাম যুদ্ধকালীন একটি আইনে বলা হয়েছে, ৬০ দিনের বেশি দীর্ঘ যুদ্ধে অংশগ্রহণের জন্য কংগ্রেসের অনুমতি নিতে হবে। লিবিয়া অভিযানের ক্ষেত্রে গত ২০ মে এই সময়সীমা অতিক্রম করেছে। তাই ওবামা ওই আইন ভঙ্গ করেছেন। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কংগ্রেসে পাঠানো ৩২ পৃষ্ঠার বক্তব্যে বলা হয়েছে, ন্যাটোর লিবিয়া অভিযানে মার্কিন সেনারা কেবল সমর্থনের ভূমিকা পালন করছেন। লিবিয়া অভিযানে মার্কিন ভূমিকা ১৯৭৩ সালে করা আইনের বিরোধী নয়। হোয়াইট হাউস বলছে, লিবিয়া অভিযানে মার্কিন অংশগ্রহণ একটি পূর্ণ যুদ্ধে যোগ দেওয়ার মতো নয়। তাই এ ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা কংগ্রেসকে ওবামার লিবিয়া অভিযানের বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, আইনপ্রণেতারা যদি অনুমোদন না-ও করেন, এ অভিযান অব্যাহত রাখার আইনি বৈধতা ওবামার রয়েছে।