লিবিয়ায় মার্কিন বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন পশ্চিমা জোট গত সোমবার রাতে লিবিয়ায় তৃতীয় দিনের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই রাতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন চত্বরে আবারও হামলা চালানো হয়েছে। ওই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লিবিয়া সরকার দাবি করেছে, পশ্চিমা জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক মানুষ হতাহত হচ্ছে।এদিকে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিসরাতা, আজদাবিয়াসহ বিভিন্ন স্থানে গাদ্দাফি বাহিনী হামলা চালাচ্ছে।দক্ষিণ আমেরিকা সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে চায়। তবে এখন মূল লক্ষ্য হলো দেশটির সাধারণ জনগণকে রক্ষা করা।যুদ্ধবিমান বিধ্বস্ত: লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজির দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার রাতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। গাদ্দাফি বাহিনীর গুলি, নাকি অন্য কোনো কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল মঙ্গলবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই ইগল বিধ্বস্ত হয়। পাইলটসহ দুই ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।মার্কিন সামরিক বাহিনীর সূত্র জানায়, তারা মনে করে, গাদ্দাফি বাহিনীর গুলিতে নয়, যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।গাদ্দাফির বাসভবন চত্বরে আবার হামলা: লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাব আল-আজিজিয়ায় গাদ্দাফির বাসভবন ও অন্যতম সামরিক ঘাঁটি চত্বরে সোমবার রাতে দ্বিতীয় দফায় হামলা চালায় পশ্চিমা জোট। বার্তা সংস্থা এএফপি জানায়, বাব আল-আজিজিয়ার কাছে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রও গাদ্দাফির বাসভবন চত্বরে ভয়াবহ বিস্ফোরণ ও বিমানবিধ্বংসী গোলার আওয়াজ পাওয়ার কথা জানায়। তবে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, পশ্চিমা জোট ত্রিপোলিতে হামলা শুরু করেছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একই রাতে ত্রিপোলি থেকে ১০ কিলোমিটার পূর্বে গাদ্দাফির নৌঘাঁটিতেও ব্যাপক হামলা হয়।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকে বলা হচ্ছে, গাদ্দাফিকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। গাদ্দাফি হামলার ‘লক্ষ্য নয়’।লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম গতকাল ত্রিপোলিতে সংবাদ সম্মেলনে জানান, পশ্চিমা জোটের যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় সিবা শহরেও হামলা চালিয়েছে। হামলা হয়েছে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতেও। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেননি তিনি।বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ: গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিশেষ করে, মিসরাতা ও জিনতান শহরে ব্যাপক সংঘর্ষ চলছে। গতকাল মিসরাতায় গাদ্দাফি বাহিনীর হামলায় চারটি শিশু নিহত হয়েছে। সোমবার সেখানে হামলায় ৪০ জন নিহত হয়। মিসরাতার হাসপাতাল সূত্র টেলিফোনে ৪০টি মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে। আহতের সংখ্যা অন্তত ৩০০।মুসা ইব্রাহিম দাবি করেন, মিসরাতা তিন দিন আগে বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নেওয়া হয়েছে। সরকারি বাহিনী এখন বিদ্রোহীদের ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।মুসার এই বক্তব্য প্রত্যাখ্যান করে বিদ্রোহীদের একজন মুখপাত্র দাবি করেন, গাদ্দাফির সেনাদের বর্বরোচিত হামলা সত্ত্বেও মিসরাতার নিয়ন্ত্রণ তাঁদের হাতেই রয়েছে। গাদ্দাফির অনুগত সেনারা ট্যাংক নিয়ে অভিযান চালাচ্ছে। বিভিন্ন উঁচু ভবন থেকে সাধারণ জনগণকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। ট্যাংক থেকে গাদ্দাফিবিরোধী বিক্ষোভে গুলি ছোড়া হয়েছে। এতে অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাদ্দাফি বাহিনী অন্তত ৪০টি ট্যাংক নিয়ে তিউনিসিয়া সীমান্তের কাছে জিনতান শহরে অভিযান চালায়। এ সময় অনেক ঘরবাড়ি ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছে।ন্যাটোতে মতভেদ: লিবিয়ায় অভিযানের ব্যাপারে সামরিক জোট ন্যাটোর অবস্থান নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ন্যাটোর নেতৃত্বে অভিযান পরিচালনা করতে চাইলেও জোটের সব সদস্য এতে রাজি নয়। বিষয়টি নিয়ে সোমবার সদস্যদেশগুলোর নেতারা বৈঠক করেন। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে গতকালও বৈঠক করেন তাঁরা।ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আঙ্কারা লিবিয়ায় সামরিক অভিযানে অংশ নেবে না। তবে দেশটিতে মানবিক সহায়তাসংক্রান্ত কোনো অভিযানে অংশ নিতে তুরস্কের আপত্তি নেই।অভিযানের নেতৃত্ব ন্যাটোর কাছে চলে গেলে আরব দেশগুলোর অবস্থান কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ফ্রান্স। আরব লিগ এরই মধ্যে লিবিয়ায় অভিযানের সমালোচনা করে বলেছে, তারা দেশটির জনগণকে রক্ষায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠার পক্ষে রয়েছে। কিন্তু এর নামে বোমা হামলার পক্ষে নেই।যুক্তরাষ্ট্র যা চায়: যুক্তরাষ্ট্র ন্যাটোর নেতৃত্বে এই অভিযান পরিচালনার পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে চায়। তবে এর মূল লক্ষ্য সাধারণ মানুষকে রক্ষা করা। এর আগে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইকেল মুলেন বলেছিলেন, গাদ্দাফিকে এখনই ক্ষমতাচ্যুত করাটা জরুরি নয়।বিশ্লেষকেরা মনে করছেন, শুধু যুক্তরাষ্ট্রই নয়, সব মিলিয়ে মনে হচ্ছে লিবিয়ায় অভিযান অংশ নেওয়া কোনো দেশেরই লক্ষ্য স্পষ্ট নয়। অভিযান নিয়ে ইতিমধ্যে নিজ দেশেই সমালোচনায় পড়েছেন ওবামা। এই যুদ্ধের লক্ষ্য কী, কত দিন চলবে ইত্যাদি প্রশ্ন উঠলেও এর কোনো জবাব যেন মার্কিন প্রশাসনের নেই।লিবিয়ায় অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ গতকাল বেইজিংয়ে সাংবাদিকদের জানান, ‘আমরা লিবিয়ায় অভিযানের বিরোধী। এই অভিযানে আরও বেসামরিক মানুষ মারা যাচ্ছে, যা মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে।’ রাশিয়াও এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে।বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠাসহ ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার প্রস্তাব পাস হয়। শনিবার রাত থেকে ‘অপারেশন ওডিসি ডন’ নামে অভিযান শুরু হয়।প্রসঙ্গত, ১৯৬৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা গাদ্দাফি। তাঁর প্রায় ৪২ বছরের শাসনের অবসানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহীরা বেনগাজি ও ত্রিপোলির পশ্চিমের শহর জাবিয়াহসহ বেশ কিছু এলাকা দখল করে নেয়। সূত্র: এএফপি, বিবিসি, আল-জাজিরা, রয়টার্স।