সামরিক সাফল্য নিয়ে সংশয় মার্কিন জেনারেলের
লিবিয়ায় যুদ্ধ বন্ধে এবার তুরস্কের শান্তি উদ্যোগ
লিবিয়ায় রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান। বিদ্রোহী এবং সরকার দুই পক্ষের সঙ্গেই তিনি আলোচনা শুরু করেছেন। এদিকে, মার্কিন বাহিনীর এক জেনারেল বলেছেন, লিবিয়ার সংঘাত সামরিক উপায়ে সমাধান সম্ভব হবে বলে তাঁর মনে হচ্ছে না। ন্যাটোও স্বীকার করেছে, বেসামরিক লোকজনকে রক্ষার লক্ষ্যে যে অভিযান তারা চালাচ্ছে তাতে সফলতা পাওয়া কঠিন হবে।লিবিয়া সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এর আগেও উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। এবার সর্বশেষ যে দেশটি এগিয়ে এল, সেটি তুরস্ক। বেশ কয়েক বছর ধরে তুরস্কের সম্পর্ক ভালো লিবিয়ার গাদ্দাফি সরকারের। তুরস্কের কর্মকর্তারা গত কয়েক দিনে লিবিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে আলোচনা করেছেন। এরপর গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এরদোগান ঘোষণা দেন, লিবিয়ার রক্তক্ষয়ী সংঘাত বন্ধের লক্ষ্যে একটি শান্তির রূপরেখা (রোডম্যাপ) বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন।এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘প্রস্তাবিত রূপরেখার বিস্তারিত বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি। এই প্রস্তাবের মধ্যে থাকবে যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ শহরগুলো থেকে গাদ্দাফির বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া।’তুর্কি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘লিবিয়ায় এখন একটি গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন, যাতে দেশটির মানুষ তাঁদের নেতা নির্বাচনের পূর্ণ অধিকার পায়।’ এরদোগান জানান, আগামী বুধবার কাতারের দোহায় বৈঠকে শান্তি প্রস্তাবের বিষয়টি নিয়ে আলোচনা হবে। দোহার বৈঠকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং আরব লিগ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিনিধিরাও থাকবেন। বিদ্রোহীদের আশ্বস্ত করে তিনি জানান, তুরস্ক তাদের দাবি সমর্থন করবে।তবে তুরস্কের উদ্বেগের বিষয়, লিবিয়ার বিদ্রোহীদের নেতৃত্বের কোনো কাঠামো এবং একক কোনো আদর্শও নেই। কাজেই গাদ্দাফি হটাতে পারলে তার পরের পরিস্থিতি সামাল দেওয়া তাদের জন্য কঠিন হবে।তুরস্কের উপপ্রধানমন্ত্রী বুলেন্ত আরিংক বলেন, ‘তাঁদের কি আসলে কোনো একক নেতৃত্ব বা আদর্শ আছে? সেটা থাকলে বিষয়টি সহজ হতে পারত।’ এ ছাড়া বিদ্রোহীদের মধ্যে জঙ্গিদের উপস্থিতি নিয়েও তুরস্কের উদ্বেগ আছে বলে জানান উপপ্রধানমন্ত্রী।এদিকে লিবিয়ায় বারবার ন্যাটো বাহিনীর ভুলক্রমে বিমান হামলায় বিদ্রোহীরা নিহত হওয়ার ঘটনায় দেশটিতে ন্যাটো বাহিনীর হামলার বিষয়ে বিদ্রোহীরাও হতাশ হয়ে পড়ছে। গত বৃহস্পতিবার ব্রেগা শহরে ন্যাটোর এ রকম এক বিমান হামলায় ১৪ জন বিদ্রোহী নিহত হয়। এক বিদ্রোহী যোদ্ধা সালেম মিসলাত গতকাল বলেন, ‘ন্যাটো মিথ্যুক। তারা গাদ্দাফির পক্ষ নিচ্ছে।’ এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে এ ধরনের দুটি হামলার ঘটনা ঘটল, যাতে নিহত হয়েছে বিদ্রোহীরা।এ অবস্থায় লিবিয়ায় সামরিক অভিযানের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন বাহিনীর আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল কার্টার হ্যাম। গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে তাঁর কাছে জানতে চাওয়া হয়, লিবিয়ায় কি তাহলে অচলাবস্থার সৃষ্টি হতে যাচ্ছে? জবাবে জেনারেল হ্যাম বলেন, ‘পরিস্থিতি দেখে আমার তো তা-ই মনে হচ্ছে। বিদ্রোহীরা যুদ্ধ করে ত্রিপোলি পর্যন্ত পৌঁছাতে এবং সামরিক উপায়ে গাদ্দাফিকে উৎখাত করতে সক্ষম হবে এমন সম্ভাবনা খুবই কম।’লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্ক করে দিয়ে জেনারেল কার্টার হ্যাম বলেন, ‘এ ক্ষেত্রে আমার মত হলো, অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত হতে হবে আসলে আমরা কাদের অস্ত্র দিচ্ছি।’ রয়টার্স ও ইনডিপেনডেন্ট।