লিবিয়ায় রেড ক্রস ভবনে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বন্দরনগর মিসরাতায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির একটি ভবনে গতকাল রোববার অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড ও রকেট হামলার পর লিবিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সংস্থাটি।রেড ক্রসের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হামলার সময় সাতজন কর্মী ভবনটির ভেতরে ছিলেন। কেউ আহত না হলেও, ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।গত তিন মাসে আন্তর্জাতিক সাহায্য সংস্থাটির লোকজনের ওপর এটি পঞ্চম হামলা। আজ সোমবার রেড ক্রসের এক বিবৃতিতে বলা হয়, হামলার কারণে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। লিবিয়ায় রেড ক্রসের প্রধান ইশফাক মোহাম্মদ খান বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, উদ্ভূত পরিস্থিতির কারণে মিসরাতা ও বেনগাজিসহ অন্যান্য শহরে আমাদের কার্যক্রম স্থগিত করা হচ্ছে।’ গত কয়েক দিনে লিবিয়ার বিভিন্ন শহরে সহিংসতার মাত্রা বেড়েছে। বেনগাজি শহরে গত মঙ্গলবার লিবিয়ার রেড ক্রিসেন্ট সংস্থায় কর্মরত সাতজন ইরানি ত্রাণকর্মী অপহূত হয়েছেন। লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয় কাউন্সিলের মুখপাত্র সালেহ দারোব বলেন, গত রোববার নিরাপত্তা বাহিনীর সদস্যরা এমন তিনজন সশস্ত্র দুর্বৃত্তকে হত্যা করেছে, যারা বিভিন্ন স্থানে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। দোষীদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে দারোব বলেন, লিবীয়দের ‘অতিথিদের’ ওপর এই হামলা যথেষ্ট নিন্দনীয়। জেনেভায় রেডক্রসের মুখপাত্র জ্যাঁ য়েভ ক্লেমেঞ্জো রয়টার্সকে বলেন, ওই সাত কর্মীকে রাজধানী ত্রিপোলিতে নিয়ে যাওয়া হয়েছে। ‘কারা হামলা চালিয়েছে, তা আমরা জানি না। হামলায় গ্রেনেড ও রকেট ব্যবহার করা হয়েছে এবং এটাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘রেডক্রস লিবিয়া বা অন্য কোনো জায়গায় রাজনৈতিক বা ধর্মীয় কার্যক্রম চালানোর সঙ্গে জড়িত থাকে না। যদি কখনো কেউ এ সংস্থার কার্যক্রমকে ধর্ম প্রচারের সঙ্গে মিলিয়ে ফেলেন, তবে তা হবে বড় ভুল।’