লিবিয়ায় ৮৫ বেসামরিক ব্যক্তি নিহত, রাষ্ট্রীয় টিভির দাবি
লিবিয়ার কর্তৃপক্ষ দাবি করেছে, গতকাল মঙ্গলবার সকালে জিলতান শহরের কাছে ন্যাটোর বিমান হামলায় কমপক্ষে ৮৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া গতকাল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মুয়াম্মার গাদ্দাফির ছেলে খামিস গাদ্দাফির ভিডিও চিত্র দেখানো হয়েছে। লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, গতকাল সকালে জিলতান শহরের কাছে একটি খামারবাড়িতে ন্যাটো বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৮৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। জিলতান শহরে ন্যাটো হামলা চালানোর কথা স্বীকার করলেও বেসামরিক ব্যক্তিদের হতাহতের খবর নাকচ করছে। ন্যাটো দাবি করেছে, তারা একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে একই সঙ্গে ঘটনাটি তদন্ত করা হবে বলে ন্যাটো জানিয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে মুয়াম্মার গাদ্দাফির ছেলে খামিস গাদ্দাফির একটি ভিডিও চিত্র প্রচার করা হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, খামিস এক আহত ব্যক্তির সঙ্গে কথা বলছেন। লিবিয়ার টিভিতে দাবি করা হয়েছে, গতকালই এই ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে। জিলতান শহরে ন্যাটোর বিমান হামলায় আহত বেসামরিক ব্যক্তিদের দেখতে খামিস ওই হাসপাতালে যান। গত সপ্তাহে লিবিয়ার বিদ্রোহীরা দাবি করেছিল, জিলতানের কাছে ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির ছেলে খামিস নিহত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের এই দাবি নাকচ করে দেওয়া হয়। কর্নেল গাদ্দাফির অন্যতম বিশ্বস্ত ছেলে খামিস লিবিয়ার একটি শক্তিশালী সামরিক ইউনিটের কমান্ডার।