লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপের আহ্বান আরব লিগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে আরব লিগ। গাদ্দাফি বাহিনীর বিমান হামলা থেকে সাধারণ নাগরিকদের রক্ষা করতে গতকাল শনিবার তারা এ আহ্বান জানায় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।লিবিয়া বিষয়ে গতকাল মিসরের রাজধানী কায়রোয় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক হয়। ওই বৈঠকে ২২ সদস্যবিশিষ্ট সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের ব্যাপারে সম্মত হন।সভা শেষে কায়রোয় বৈঠকের সভাপতি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাওয়াই বিন আবদুল্লাহ গতকাল এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের জন্য আরব লিগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। গাদ্দাফির অনুগত বাহিনীর বিমান হামলা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সদস্য রাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।আরব লিগের মহাসচিব আমর মুসা বলেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো গাদ্দাফির সেনাবাহিনীর হামলা থেকে লিবিয়ার সাধারণ জনতাকে রক্ষা করা। তিনি বলেন, আরব লিগ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের ব্যাপারে অনুরোধ জানিয়েছে।আরব লিগের পক্ষ থেকে আরও বলা হয়েছে, লিবিয়া-সংকটের সমাপ্তির পরই নো ফ্লাই জোন তুলে নিতে হবে। এ ছাড়া দেশটিতে কোনো বিদেশি সেনা আক্রমণের বিষয়টি আরব লিগ সমর্থন করে না।