লিভ টু আপিলের ওপর আদেশ ১১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ১১ জানুয়ারি আদেশ দেবেন আপিল বিভাগ। আজ রোববার দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণের পর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। এর আগে শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক বলেন, ‘জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায় বিকৃত। ওই রায় যে বিকৃত তা প্রমাণ করার জন্যই লিভ টু আপিল মঞ্জুর করা উচিত।’ তিনি বলেন, ‘চার নেতাকে হত্যার ষড়যন্ত্র হয় বঙ্গভবনে। ষড়যন্ত্রের পর তা বাস্তবায়নের জন্য পাঁচজনকে নিযুক্ত করা হয়। বঙ্গভবন থেকে জানানো হয়, মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে কারাগারের ভেতরে যেতে দেওয়া হোক। মাহাবুব আল করিম ও সাফায়েত জামিলের সাক্ষ্য বিকৃত করা হয়েছে।’ নিম্ন আদালতে এ মামলায় প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমাদের কাজে বাধা সৃষ্টি করা হয়। ২০০৪ সালের ২৪ মার্চ রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেল থেকে আমরা পদত্যাগ করি। সাক্ষীদের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ইচ্ছামতো সাক্ষ্য দিতে বাধ্য করে। এ জন্য লিভ মঞ্জুর করা উচিত। ওই সময় অন্যায়-অবিচার হয়েছে। কী অন্যায়, কী অবিচার হয়েছে, সেই প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য লিভ মঞ্জুর করা প্রয়োজন।’ শুনানি গ্রহণের পর আদালত ১১ জানুয়ারি আদেশের দিন ধার্য করেন। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। পরদিন তত্কালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অপর আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পৃথক পাঁচটি লিভ টু আপিল করা হয়। গত বছরের ৪ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের জন্য আরজি জানায়। জেল হত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতিপ্রাপ্ত চারজন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।