জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) ওপর পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। আজ রোববার প্রথম দিনের শুনানি শেষে আদালত শুনানির এই পরবর্তী দিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পুনর্বিচারের মৌখিক আরজি জানিয়েছেন। আজ সকাল নয়টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়। মাঝে আধঘণ্টা বিরতি দিয়ে বেলা একটা পর্যন্ত এ শুনানি চলে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, ‘ষড়যন্ত্র হয়েছে, বিচার হয়েছে, রায় হয়েছে কিন্তু ন্যায়বিচার হয়নি। সবকিছুই হয়েছে বঙ্গভবনের নির্দেশে। পুনর্বিচার চাই। এটি হলে ষড়যন্ত্র উদঘাটিত হবে।’ এরপর শুনানিতে অংশ নেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক। রাজনৈতিক কারণে জেলহত্যা মামলার তদন্ত ২১ বছর থেমে ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তদন্ত শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০০৪ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত পলাতক তিন আসামিকে ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০০৮ সালের ২৮ আগস্ট দেওয়া রায়ে হাইকোর্ট একজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চারজনকে খালাস দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছর আপিল বিভাগে আবেদন করে।