খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসনের করা লিভ টু আপিলের শুনানি আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শুনানির এ দিন ধার্য করেন।গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাড়ি ছাড়া-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।হাইকোর্ট গত ১৩ অক্টোবর খালেদা জিয়াকে ৩০ দিনের মধ্যে সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে নির্দেশ দেন। বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিটটি ওইদিন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ খারিজ (রুল ডিসচার্জ) করে ওই রায় দেন।সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। একই বছরের ৭ ও ২৪ মে দুই দফায় আবার তাঁকে বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। এরপর বাড়ি ছাড়তে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন।এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করেন ও রুল জারি করেন। চলতি বছর গত ৬ জুন রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু হয়। শুনানিকালে গত ২৩ আগস্ট হাইকোর্ট বাড়িটির ইজারা-সংক্রান্ত যাবতীয় নথিপত্রও তলব করেন। দীর্ঘ ২২ কার্যদিবস শুনানি শেষে গত ৬ অক্টোবর আদালত খালেদা জিয়াকে বাড়ি ছেড়ে দিতে ওই রায় দেন।