সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর আজ মঙ্গলবার আদেশ দেওয়া হবে। গতকাল সোমবার ষষ্ঠ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির বেঞ্চ আদেশের দিন ধার্য করেন।আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, কাল (মঙ্গলবার) আদালত আদেশ দেবেন। পঞ্চম সংশোধনী মামলায় হাইকোর্টের রায়ে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হলে সংবিধান থেকে বিসমিল্লাহ্ উঠে যাবে না। হাইকোর্টের রায়ে বিসমিল্লাহ্ বিষয়ে কিছু উল্লেখ নেই। খোন্দকার দেলোয়ারের আইনজীবী টি এইচ খান সাংবাদিকদের বলেন, ‘ছয় দিন শুনানি হয়েছে। ছয় দিন অরণ্যে রোদন করেছি। সরকারের লিভ টু আপিল প্রত্যাহার আমাদের জন্য কাল হয়েছে। যদি লিভ মঞ্জুর করা হয়, তাহলে সরকারের বিরোধিতা করা হয়।’শুনানি শেষ: গত ১৯ জানুয়ারি থেকে মাঝে বিরতি দিয়ে গতকাল পর্যন্ত লিভ টু আপিলের ওপর ছয় দিন শুনানি হয়। গতকাল সকালে শুনানিতে তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ বলেন, মামলাটি গুরুত্বপূর্ণ, তাই লিভ মঞ্জুর করে পূর্ণাঙ্গ শুনানি হওয়া প্রয়োজন। লিভ না দেওয়া হলে আদালত সম্পর্কে জনমনে ভুল ধারণা হতে পারে। আইনগত বিষয়ের চেয়ে এর সঙ্গে রাজনৈতিক বিষয় বেশি জড়িত। সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামালের অভিমত তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সাংবিধানিক বিষয়ে লিভ মঞ্জুর হওয়া সমীচীন। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করেছেন, এটি ঘটনা ও আইনগতভাবে সঠিক নয়। হাইকোর্ট এমন মন্তব্য করে ভুল করেছেন। ইতিপূর্বে পাঁচটি সংসদও পঞ্চম সংশোধনী মেনে নিয়েছে। সকাল সাড়ে ১০টায় মূল রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আজমালুল হোসেন কিউসি শুনানিতে বলেন, লিভ টু আপিল গ্রহণযোগ্য নয়। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। এই অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানই শ্রেষ্ঠ। সংবিধান ছাপিয়ে সংসদ বা অন্য কেউ কোনো আইন করলে তা সংবিধানের সঙ্গে সংঘাতপূর্ণ হলে গ্রহণযোগ্য হবে না। সংবিধানের এই অনুচ্ছেদ মার্শাল ল-র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আপিল বিভাগ এর সপক্ষে বলেছেন। অপর আইনজীবী তওফিক নেওয়াজ বলেন, লিভ গ্রহণের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্ষমতার মালিক জনগণ। বিচারিক পুনর্বিবেচনার যে ব্যবস্থা, তা সংবিধানের মূল কাঠামোর অন্তর্ভুক্ত। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংসদ সংশোধন করতে পারে। তবে মার্শাল ল আদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় না। সংসদও সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী কোনো সংশোধনী বা আইন করতে পারে না। সংসদ যা পারে না, তা মার্শাল ল আদেশ দিয়ে করা যায় না। পাকিস্তান সুপ্রিম কোর্টের ‘জাফর আলী বনাম পারভেজ মোশাররফ’ মামলার নজির তুলে ধরে তিনি বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, সংবিধানের মৌলিক স্তম্ভবিরোধী আইন করা যাবে না। তবে যেসব কাজ ‘পাস্ট অ্যান্ড ক্লোজ’ সেগুলো মার্জনা করা যেতে পারে। তাই সংবিধানের মূল কাঠামো পরিপন্থী যে সংশোধনী আনা হয়েছে, তা মার্জনা করা যায় না।এ পর্যায়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও তথ্য মন্ত্রণালয়ের কৌঁসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা লিখিত কাগজপত্র জমা দেন। সংক্ষিপ্ত শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লিখিত বক্তব্য জমা দিয়ে বলেন, ‘ধর্মনিরপেক্ষতা ছিল আমাদের মুক্তিযুদ্ধ ও আদি সংবিধানের মূল চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তত্কালীন মন্ত্রী ড. কামাল হোসেন একাধিকবার ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। তবে বঙ্গবন্ধু বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ১৯৭২ সালে সংসদের অধিবেশনে বঙ্গবন্ধু প্রারম্ভিক ভাষণে ও সর্বসম্মতিক্রমে সংবিধান নিয়ে সিদ্ধান্ত পাঠ করেন। এতে বলা হয়, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ হবে সংবিধানের মূলনীতি। সর্বসম্মতিক্রমে এই চার নীতি গ্রহণ করা হয়েছে।’ বেলা একটা ৪০ মিনিটে শুনানিতে অংশ নিয়ে প্রথমে টি এইচ খান এবং পরে মওদুদ আহমদ সংক্ষিপ্ত জবাব দেন। বেলা দুইটা ১৭ মিনিটে শুনানি শেষে প্রধান বিচারপতি বলেন, ‘কাল (মঙ্গলবার) আদেশের জন্য রাখা হলো।’ আদালতে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খন্দকার দিলিরুজ্জামান; মাহমুদুর রহমানকে সহায়তা করেন এ এম আমিনউদ্দিন; আজমালুল হোসেন কিউসিকে এ বি এম সিদ্দিকুর রহমান খান এবং টি এইচ খানকে সহায়তা করেন মোহাম্মদ আহসান। পঞ্চম সংশোধনী মামলার ঘটনাপ্রবাহ: ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের করা রিটের পরিপ্রেক্ষিতে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। চারদলীয় জোট সরকারের আমলে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই রায় স্থগিত করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৩ মে সরকারপক্ষ লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে। ২৫ মে বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও মো. কামরুজ্জামান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। ৪ জুন হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ খারিজের আবেদন করে রিট আবেদনকারীপক্ষ। গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশও প্রত্যাহার করা হয়। এ ছাড়া বিএনপির মহাসচিব ও তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়।