মুঠোফোন অপারেটরদের হিসাব নিরীক্ষায় দুটি প্রতিষ্ঠানকে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ১৪ জুলাই লিভ টু আপিলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ রোববার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বিটিআরসির সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন ধার্য করেন।হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় চলমান দুই মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আপাতত বিটিআরসির আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। কে এম আলম অ্যান্ড কোম্পানির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন হাইকোর্ট দুটি নিরীক্ষণ প্রতিষ্ঠানকে দেওয়া নিয়োগের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছিলেন। একইসঙ্গে রুলও জারি করেন আদালত। এতে স্থগিতাদেশ চেয়ে বিটিআরসি আপিল বিভাগে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ জুলাই আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশের কার্যকারিতা এক সপ্তাহ স্থগিত করেন। একই সঙ্গে বিটিআরসির করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) শুনানির জন্য আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় এটি কার্য তালিকায় আসে এবং শুনানি হয়।আদালতে বিটিআরসির পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ শুনানি পরিচালনা করেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোন অপারেটরসহ এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিরীক্ষণের জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর আবেদনপত্র আহ্বান করে বিটিআরসি। সংক্ষিপ্ত তালিকায় সাতটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ পায়। এরপর ৫ এপ্রিল দুটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটি হচ্ছে আহমেদ জাকের অ্যান্ড কোম্পানি ও এম এ ফজল অ্যান্ড কোম্পানি। তবে অনুমোদনের পর ১৯ এপ্রিল আহমেদ জাকের নিরীক্ষণ কার্যক্রম পরিচালনা না করার কথা জানালে যুক্ত হয় আজিজ হালিম খায়ের চৌধুরী নামের নিরীক্ষণ প্রতিষ্ঠান। এর আগে কে এম আলম অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান অভিযোগ করে, বিটিআরসি যে প্রক্রিয়া অনুসরণ করে অডিট ফার্ম নিয়োগ করেছে, তা সরকারের পিপিআর অনুসরণ করে হয়নি। এ বিষয়ে বিটিআরসি ও সিপিটিইউর কাছে নালিশ করেন তাঁরা। এ বিষয়ে সিপিটিইউ এক রিভিউ প্যানেল কে এম আলমের অভিযোগ সত্য রায় দিয়ে বিটিআরসিকে পুনরায় পিপিআর অনুসরণ করে অডিট ফার্ম নিয়োগে পরামর্শ দেয়। ওই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য বিটিআরসিকে ২৪ মে এক চিঠি দেয় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ২৬ মে ফিরতি চিঠিতে বিটিআরসি জনস্বার্থে নিরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কে এম আলম অ্যান্ড কোং হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্ট রুল জারি করেন ও স্থগিতাদেশ দেন।