বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীদের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই শুনানি মুলতবি করেন।আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার কৌঁসুলি এম বদরুদোজ্জা প্রথম আলোকে বলেন, জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। আদালত ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছেন।আজ সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে ল রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ও হাইকোর্টের সংযোগ সেতুতে আধঘণ্টা অবস্থান নিয়ে কলম বিরতি পালন করে। এ সময় সাধারণ আইনজীবীরা সাংবাদিকদের সঙ্গে একাত্ম ঘোষণা করেন।সাংবাদিকদের এজলাজে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংযোগ সেতুতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে।ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে না দেওয়া নজিরবিহীন। এতে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। এদিকে খালেদা জিয়ার বাড়ি ছাড়া নিয়ে করা লিভ টু আপিলের শুনানি নিয়ে সকাল থেকে আদালত অঙ্গনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সুপ্রিম কোর্ট অঙ্গনের প্রতিটি পয়েন্টে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এ সময় প্রবেশকালে আগত সবাইকে তল্লাশি করা হয়।গতকাল লিভ টু আপিলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। খালেদা জিয়ার রিট শুনানির পর ১৩ অক্টোবর তা খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন আদালত। রায়ে বিএনপির চেয়ারপারসনকে বাড়ি খালি করার জন্য কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ৮ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।