লিভ টু আপিলের শুনানি ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ মামলার বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল তা এ সময়ের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে মৌখিকভাবে বলা হয়েছে। আজ মঙ্গলবার লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানির পর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সকাল নয়টা ২০ মিনিটে শুনানি শুরু হয়।শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ মামলায় ঘটনা বিকৃত করা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে কিন্তু বিচার হয়নি। তিনি পুনর্বিচার চান। এ পর্যায়ে আদালত বলেন, পুনর্বিচারের জন্য পাঠানো হলে এর আগে দেওয়া দুটি রায় বাতিল হয়ে যাবে। আসামিদের সাজাও বাতিল হয়ে যাবে। কী পদক্ষেপ নেবেন তা আদালতের কাছে স্পষ্ট করেন। শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক বলেন, বঙ্গভবনে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের ফলে জেল হত্যাকাণ্ড ঘটেছে। সব ক্ষেত্রেই ষড়যন্ত্র হয়েছে। সাক্ষীদের বক্তব্য অনুসারে মোশতাকের সঙ্গে অন্যরা ষড়যন্ত্রে অংশ নিয়েছেন। এ পর্যায়ে আদালত বলেন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলুন (লিভ টু আপিলের বিষয় নিয়ে কথা বলেন)। আনিসুল হক বলেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন এবং তাহের উদ্দিন ঠাকুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বিচার পর্যায়ে এ মামলায় প্রভাব বিস্তার করা হয়েছে। আদালত বলেন, এর নথিপত্র থাকলে আমাদের তা দেখান। আনিসুল হক বলেন, ওই সময়ে পরিস্থিতির কারণে আমি পদত্যাগ করেছিলাম। কেন পদত্যাগ করেছি তাও বলেছি। আদালত বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানান। আদালত মন্তব্য করেন, সন্তুষ্ট না হয়ে আমরা একটা অর্ডিনারি অর্ডার দিতে পারি না। আনিসুল হক বলেন, এ বিষয়ে ব্যক্তি বিশেষ নয়, পুরো জাতি অবহিত আছে। আদালত মন্তব্য করেন, কথা বললে হবে না তা আমাদের দেখান।আদালত এ বিষয়ে যৌথ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন। সকাল নয়টা ৪০ মিনিটের দিকে ২০ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত মুলতবি করে আগামী ৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।আদালত থেকে বেরিয়ে আনিসুল হক সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতে জেল হত্যা মামলায় আমরা বিচার পাইনি। বিচারে তখনকার সরকার প্রভাব বিস্তার করেছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঘটনায় ষড়যন্ত্র হয়েছে, বিচার হয়নি। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী এ বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত দিতে পারে। তবে সাক্ষ্যপ্রমাণ দেখাতে হবে। ৬ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। আদালত জিজ্ঞাসা করেছেন, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার ও বাধা দেওয়ার বিরুদ্ধে আমরা কী পদক্ষেপ নিয়েছি তা জানতে চেয়েছেন। আমরা পদক্ষেপ নিয়েছিলাম। বিচার প্রক্রিয়ার নথিপত্র আদালতে দেখাতে হবে। আমরা কী প্রমাণ করতে চাই আদালতের কাছে তাও দেখাতে হবে। অ্যাটর্নি জেনারেল পুনর্বিচার কেন চেয়েছেন, তাও আদালতে দেখাতে হবে।আপিল বিভাগ থেকে কোনো মামলা পুনর্বিচারের জন্য পাঠানোর নজির রয়েছে কি না এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আপিল বিভাগ থেকে পুনর্বিচার পাঠানোর নজির খুব একটা নেই। তবে হাইকোর্ট বিভাগে এ ধরনের অসংখ্য নজির রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ মামলার রায় পাথেয় হয়ে থাকবে।