জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল নয়টা ২০ মিনিটে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।গত ৯ নভেম্বর শুনানি গ্রহণের পর আদালত আজ পর্যন্ত তা মুলতবি করেছিলেন। গতকাল বিকেলে প্রকাশিত আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ‘রাষ্ট্র বনাম দফাদার মারফত আলী শাহ এবং অন্যান্য’ শিরোনামে বিষয়টি শুনানির জন্য দুই নম্বর ক্রমিকে ছিল। আদালতের কার্যক্রম: সকাল নয়টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী আনিসুল হক সময়ের আবেদন জানান। আদালত বলেন, ‘এ বিষয়টি আবেগপ্রবণ হয়ে দেখার সুযোগ নেই। আইন অনুসারে করতে হবে।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরাও আইনের বাইরে যেতে চাই না।’ এরপর আদালত শেষবারের মতো সময় দেওয়া হলো জানিয়ে ৯ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য: সময় আবেদন করা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘আদালত যেসব কাগজপত্র দেওয়ার কথা বলেছিলেন সেসব নথিপত্র আপিল বিভাগে এসে পৌঁছায়নি। ধারণা আছে, মামলার পুনর্বিচার চাই। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ জন্য সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৯ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেছে।’ তিনি আরও বলেন, ‘পুনর্বিচার চাই কি না, সেটা বড় বিষয় নয়। এ মামলার বিচার প্রভাবিত হয়েছে চারদলীয় জোট সরকারের আমলে। আমরা আইনের পরিধির মধ্যে থাকব। পুনর্বিচার নিয়ে কী লাভ হবে, আইনে কতটুকু যেতে পারব—সেটা দেখানোর জন্য সময় নেওয়া হয়েছে।’ কবে নাগাদ এ ধরনের কাগজপত্র জমা দেওয়া হতে পারে, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচার যে প্রভাবিত করা হয়েছে সে-সংক্রান্ত কাগুজে সাক্ষী আমরা রাখার চেষ্টা করেছি। এ ধরনের কাগজপত্রগুলো আদালতে রয়েছে। খুঁজে দেখা হচ্ছে। আশা করছি ৯ জানুয়ারির আগেই জমা দিয়ে দেব।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন করে কাউকে আসামি করার সুযোগ নেই। বলা হচ্ছে, জিয়াউর রহমানকে আসামি করার জন্য মামলা বিলম্বিত করা হচ্ছে। এটা সঠিক নয়। ন্যায়বিচারের স্বার্থে মামলাটি বিলম্বিত হচ্ছে।’মো. নাসিমের বক্তব্য: চার নেতার এক নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. নাসিম বলেন, ‘আমাদের আইনজীবীদের ওপর আমাদের আস্থা আছে। যুক্তিসংগত কারণে তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন মনে করেছেন এবং আলোচনা শুরু করেছেন। এ মামলায় তৎকালীন সরকারের আইনমন্ত্রীর নগ্ন হস্তক্ষেপের কারণে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। নিম্ন আদালতে অনেককে অব্যাহতি দেওয়া হয়েছিল। আশা করছি আইনের মাধ্যমে ন্যায়বিচার পাব। ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি, এ অপেক্ষায় সমস্যা নেই।’ ফিরে দেখা: ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান। পরদিন তত্কালীন উপকারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আব্দুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করে। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অপর আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।এ রায়ের বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পৃথক পাঁচটি লিভ টু আপিল করা হয়। এক বছর পর ৪ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের জন্য আরজি জানালে আদালত ৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। জেল হত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন—সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় তাঁদের ফাঁসির রায় কার্যকর হয়েছে।