লিভ টুগেদার সামাজিক অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে বহির্ভূতভাবে একজন পুরুষের সঙ্গে একজন নারীর একত্রে বসবাসকেই আমরা Live together (লিভ টুগেদার) হিসেবে গণ্য করে থাকি। পৃথিবীর অনেক দেশেই বিশেষ করে আমেরিকা ও পাশ্চাত্য ইউরোপের অনেক দেশে লিভ টুগেদার আইনগত বৈধতা পেয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর অনেক দেশে সমকামিতাও আইনগত বৈধতা পেয়েছে। প্রশ্ন উঠতে পারে, আমাদের দেশের প্রেক্ষাপটে লিভ টুগেদার কি অপরাধ? আমাদের দেশের কোনো আইনেই লিভ টুগেদারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়নি। এটাকে নৈতিক ও সামাজিক অবক্ষয়, অনাচার এবং ধর্মীয় দৃষ্টিতে পাপাচার হিসেবে বিবেচনা করা যেতে পারে। এটি দণ্ডবিধির ২৯০ ধারা ও মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুসারে গন উপদ্রব হিসেবেও গণ্য হবে না। নারী যদি অন্য কারোর স্ত্রী না হয় সে ক্ষেত্রে দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুসারে ব্যাভিচার হিসেবেও শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে না। তবে নারীর যদি বৈবাহিক অবস্থা বিদ্যমান থাকে, তবে ওই নারীর স্বামী বা ক্ষতিগ্রস্ত অন্য কোনো ব্যক্তি দণ্ডবিধির ৪৯৭ ধারায় পুরুষ সঙ্গীর (বিবাহিত/বিবাহিতা) বিরুদ্ধে মামলা করতে পারেন এবং ওই ধারা অনুসারে পুরুষ সঙ্গীর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা জরিমানা বা উভয় দণ্ডের শাস্তি হতে পারে। তবে এটা কোনো অবস্থাতেই ধর্ষণের শামিল হবে না এবং মহিলা সঙ্গীকে শাস্তি দেওয়া যাবে না। দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুসারে যদি কোনো নারী তাঁর বৈবাহিক অবস্থা বিদ্যমান থাকাবস্থায় অন্য কোনো পুরুষকে বিয়ে করেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং এর জন্য তাঁর সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হতে পারে। নারী সঙ্গীর বয়স যদি ১৬ বছরের কম হয় এবং সঙ্গীর সঙ্গে যদি ওই নারীর যৌন সম্পর্ক থাকে, তবে তা ধর্ষণের শামিল, এটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং মামলা হলে পুরুষ সঙ্গীর যাবজ্জীবন শাস্তি হতে পারে। এ ধরনের সম্পর্কের ফলে যদি কোনো সন্তান জন্মলাভ করে, তা ধর্মীয় ও আইনের দৃষ্টিতে অবৈধ বা জারজ সন্তান। তারা পিতামাতার বৈধ উত্তরাধিকারী হবে না। আমাদের পড়শি দেশ ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুসারে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী বিয়ে না করে যদি একত্রে বসবাস করে, তা আইনের দৃষ্টিতে মোটেও অপরাধ নয়। ওই দেশের সাবেক প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণসহ অপর দুই বিচারপতি দক্ষিণ ভারতের নায়িকা খুশবুর এক আপিল রায়ে কৃষ্ণ-রাধার সম্পর্ক উল্লেখ করে বলেন, পরস্পরকে ভালোবেসে একত্রে বসবাস জীবনের অধিকার এবং বিয়ে বহির্ভূত হলেও এ ধরনের জীবন্ত সম্পর্ককে কোনো নিষেধাজ্ঞার আওতায় ফেলার কোনো আইন নেই। বিয়ে বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নায়িকা খুশবু সাক্ষাৎকার দিলে তাঁর বিরুদ্ধে তামিলনাড়ুর বিভিন্ন আদালতে ২২টি মামলা হয়। ফৌজদারি মামলা করেন স্থানীয় বিভিন্ন রক্ষণশীল ব্যক্তি ও সংস্থা। ওই সব মামলা থেকে নিষ্কৃতি পেতে খুশবু দারস্থ হন উচ্চ আদালতে। মাদ্রাজ হাইকোর্টে পরাস্ত হয়ে খুশবু দ্বারস্থ হন ভারতীয় সুপ্রিম কোর্টের। নায়িকা খুশবু লিভ টুগেদারের সপক্ষে খোলামেলা স্বীকৃতি দিলে দক্ষিণ ভারতজুড়ে হইচই পড়ে যায়। আর ভারতে সুপ্রিম কোর্টের এ রায়ে হইচই পড়ে যায় দেশজুড়ে। খুশবুর যুক্তি হলো, পরিণত বয়সের দুজন মানুষ যদি প্রাতিষ্ঠানিকভাবে বিয়ে না করেও একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে, এতে তিনি দোষের কিছু দেখেন না এবং কোনো শিক্ষিত ছেলেরই এমন প্রত্যাশা করা সংগত নয়, তাঁর হবু জীবন সঙ্গিনীকে কুমারী হতে হবে। দক্ষিণ ভারতের সংস্কৃতি এমন যে সেখানকার তরুণ-তরুণীরা তাঁদের জনপ্রিয় নায়ক-নায়িকাকে দেব-দেবীর তুল্য মনে করেন এবং তাঁদের জীবনধারাকে অনুসরণ করেন। ভারতের সুশীল মহলের ধারণা, ভারতের সুপ্রিম কোর্টের ওই রায় নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের লিভ টুগেদারের প্রতি উৎসাহিত করবে, বিয়ে-বহির্ভূত সম্পর্কের প্রবণতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং বিয়ে নামের সামাজিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়বে। যদিও খ্যাতনামা ইংরেজি দৈনিক এশিয়ান এজ সুপ্রিম কোর্টের ওই রায়কে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে এবং তাদের ধারণা, এ রায়ের প্রভাব হবে সুদূরপ্রসারী। সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দেশ ভারতের চেয়ে খানিকটা রক্ষণশীল। আমাদের দেশে এমন বিয়ে-বহির্ভূত নারী-পুরুষের জীবন যাপন এখন পর্যন্ত সামাজিক অনাচার ও ধর্মীয় পাপাচার হিসেবে চিহ্নিত হয়ে আসছে। আমাদের দেশে এমন জীবন যাপন আইনগত স্বীকৃতি পেলে সামাজিক মূল্যবোধ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। যদিও আমাদের দেশে এটি আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ নয়, তবুও আমাদের আর্থসামাজিক-ধর্মীয় প্রেক্ষাপটে এ ধরনের জীবন যাপন অনাকাঙ্ক্ষিত। লেখক  বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া