লিভারপুলেই থাকতে চান বেনিটেজ
লিভারপুলের দায়িত্ব ছেড়ে জুভেন্টাসে নাম লেখাতে চলেছেন বলে যে খবর বেরিয়েছে, তা অস্বীকার করেছেন লিভারপুলের ম্যানেজার রাফায়েল বেনিটেজের এজেন্ট ম্যানুয়েল গার্সিয়া কুইলন। তিনি জোর গলায় জানিয়েছেন, বেনিটেজকে নিয়ে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। লিভারপুলেই থাকতে চান তিনি। কোনো ক্লাবের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়নি বলেও দাবি করছেন তিনি।এ মৌসুমেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বেনিটেজের। খবর বেরিয়েছে, চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারা লিভারপুলের সঙ্গে আর নয়, জুভেন্টাসের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন বেনিটেজ। জুভেন্টাস নাকি তাঁকে নেওয়ার পথে অনেকদূর এগিয়েও গেছে। তবে যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাত্কারে বেনিটেজের এজেন্ট বলেন, ‘আমরা কারও কাছ থেকে কোনো প্রস্তাব পাইনি। এখনও পর্যন্ত লিভারপুলের সঙ্গে বেনিটেজ চুক্তিবদ্ধ, আর এখানেই থাকতে চান তিনি। তবে তাঁর ভাগ্য নির্ভর করছে লিভারপুলের চেয়ারম্যানের ওপর। আগামী মৌসুমের পরিকল্পনা তিনি এখনো বেনিটেজকে জানাননি। তবে তাঁর কাছে ইতিবাচক সিদ্ধান্ত না পেলে বাধ্য হয়ে লিভারপুল ছাড়তেই হবে বেনিটেজকে।