লিমন এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে
র্যাবের গুলিতে পা হারানো লিমনকে আজ বৃহস্পতিবার জাতীয় পুনর্বাসন প্রতিষ্ঠান ও অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) হাসপাতাল ছেড়েছে। সে এখন রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছে। এ হাসপাতালে সে ফিজিওথেরাপি নেবে। গত বৃহস্পতিবার লিমনকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু লিমনের শারীরিক অসুবিধার কথা জানিয়ে তার পরিবার আরও কয়েক দিন হাসপাতালে থাকার আবেদন করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে থাকার অনুমতি দেয়। আজ হাসপাতাল ছাড়ার সময় লিমনের সঙ্গে তার বাবা, মামা ও আইন ও সালিশ কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জাতীয় পুনর্বাসন প্রতিষ্ঠান ও অর্থোপেডিক হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক ওয়াহিদুর রহমান জানান, লিমন এখন সুস্থ। সিডিডি নামের একটি বেসরকারি সংস্থা তার জন্য কৃত্রিম পা তৈরি ও লাগানোর দায়িত্ব নিয়েছে।লিমনের বাবা তোফাজ্জেল হোসেন অভিযোগ করে বলেন, বাড়িতে নিরাপত্তা নেই বলে লিমনকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্যাব নানাভাবে হুমকি দিচ্ছে। মিডিয়া সরে গেলে র্যাব তাদের কেটে টুকরো করে মাছকে খাওয়াবে। তোফাজ্জেল হোসেন এ সময় সাংবাদিকদের কাছে মানুষের প্রতি কৃতজ্ঞাতা জানিয়ে বলেন, মানুষের সাহায্য-সহায়তায় লিমনের চিকিত্সা চলছে। ভবিষ্যতেও যেনও তা বহাল থাকে। লিমনের বাবা আরও অভিযোগ করে বলেন, র্যাবের হুমকি নিয়ে রাজাপুর থানায় জিডি করতে গেলে পুলিশ অভিযোগ নেয় না। এমনকি এ ঘটনার পর পিরোজপুরে কাওখালী মহাবিদ্যালয়ে অধ্যয়নরত তাঁর মেয়ে লাকী আক্তারের কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে।হাসপাতাল ছাড়ার সময় লিমন উপস্থিত সাংবাদিকদের বলে, ‘ভেবেছিলাম কৃত্রিম পা সংযোজনের আগ পর্যন্ত আমাকে রাখবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রাজি না হওয়ায় আমি চলে যেতে বাধ্য হলাম। চিকিত্সকেরা ভিটামিন ওষুধ দিয়েছে। একই সঙ্গে নিয়মিত ফিজিওথেরাপির কথা বলেছেন।’উল্লেখ্য, গত ২৩ মার্চ ঝালকাঠির সাতুরিয়া গ্রামে কলেজছাত্র লিমন হোসেন বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে আহত হয়। পরে ২৫ মার্চ রাতে লিমনকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। উচ্চ আদালতের নির্দেশে গত ১০ মে উন্নত চিকিত্সার জন্য দ্বিতীয় দফায় লিমনকে সহযোগী অধ্যাপক মোফাখখারুল বারীর অধীনে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।