লিমন এখনো প্রিজন সেলে, জামিনের কপি আসেনি
র্যাবের গুলিতে পা হারানো লিমনের জামিনে মুক্তির আদেশের কপি আজ বৃহস্পতিবারও বরিশালে পৌঁছায়নি। ফলে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে কয়েদিদের সঙ্গেই লিমনকে থাকতে হচ্ছে।লিমন প্রথম আলোকে বলেছে, ‘আমি জামিন পেয়েছি শুনেছি। সবকিছুই সাংবাদিকদের জন্য হয়েছে। আমার কাছে আমার মাকে থাকতে দেয়নি। অন্য কয়েদিদের বলে পায়খানা-প্রস্রাব করেছি। আমাকে এখান থেকে নিয়ে যাবার ব্যবস্থা করেন।’লিমন আরও বলে, ‘আমি ঢাকায় চিকিৎসার জন্য যামু (যাব)। আমার লাইগ্যা (জন্য) হেই (সেই) ব্যবস্থা করেন।’এদিকে আদালতের রায় শুনে খুশি হয়েছেন লিমনের বাবা তোফাজ্জেল হোসেন ও মা হেনোয়ারা বেগম। দুপুরে তাঁরা প্রথম আলোকে জানান, ‘আদালতের রায়ে আমরা আনন্দিত। এখন যত দ্রুত সম্ভব আমরা লিমনকে ঢাকায় নিয়ে যেতে চাই।’লিমনের বাবা তোফাজ্জেল হোসেন অভিযোগ করেন, বরিশালে হাসপাতালে নিয়ে আসার ১০ ঘণ্টা পর তার ড্রেসিং করা হয়েছে।এদিকে লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, গতকাল বুধবার রাত আড়াইটার সময় তাঁদের মামলার সাক্ষী হারুন মোল্লা ও নূরুজ্জামানের বাড়িতে গিয়ে র্যাব ভয়ভীতি দেখিয়েছে। তিনি বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানান।বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ও কর্তব্যরত চিকিৎসক বাবুল কুমার সাহা বলেন, প্রথম যে অবস্থায় এখানে আনা হয়েছে, তার চেয়ে লিমন ভালো আছে। তবে এর চেয়ে অনেক ভালো চিকিৎসা হবে ঢাকা পঙ্গু হাসপাতালে।জামিনের বিষয় জানতে চাইলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, তিনি শুনেছেন, লিমনের জামিন হয়েছে। কিন্তু তাঁদের কাছে এ-সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি। রায়ের কপি পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ নির্দেশনা থাকলে কাল শুক্রবার তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। তা না হলে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।লিমনের পাশে তাঁর বাবা, মা থাকার ব্যাপারে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার বলেন, কারাবিধি অনুযায়ী ওই রকম কোনো ব্যবস্থা নেই।প্রসঙ্গত, গত ২৩ মার্চ ঝালকাঠী জেলার রাজাপুরে গুলিবিদ্ধ হওয়ার পর ২৫ মার্চ রাতে লিমনকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এর পর থেকে লিমন সেখানেই চিকিৎসাধীন ছিল।র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় লিমনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করায় গত মঙ্গলবার আদালতের নির্দেশে ঝালকাঠী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আজ উচ্চ আদালত লিমনের ছয় মাসের জামিন মঞ্জুর করে এবং তার সুচিকিৎসার জন্য নির্দেশ দেন। কিন্তু আদালতের রায়ের কপি বরিশাল কারাগারে না পৌঁছানোয় লিমন মুক্ত হতে পারেনি।