লিমন ও তাঁর মায়ের ওপর র‌্যাবের সোর্সের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেন, তাঁর মা ও ভাইয়ের ওপর হামলা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঝালকাঠির রাজাপুর উপজেলার ইদুঁরবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। লিমনের অভিযোগ, এলাকায় র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহীম হাওলাদার তাঁদের ওপর এ হামলা করেছেন।লিমন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, ঈদ শেষে সন্ধ্যায় তিনি মা হোনোয়ারা বেগম ও ভাই মো. সুমনকে সঙ্গে নিয়ে রাজাপুরের সাতুরিয়া গ্রামের বাড়ি থেকে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের ভাড়া করা বাসায় যাচ্ছিলেন। বাড়ি থেকে হেঁটে প্রায় এক কিলোমিটার দূরে ইদুরবাড়ি নামক স্থানের পর সেখানে অবস্থানকারী ইব্রাহীম হাওলাদার তাঁর মা হেনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে কুটুক্তি করেন। এর প্রতিবাদ করলে ইব্রাহীম কিল-ঘুষি মেরে তাঁর মা, ভাই ও তাঁকে আহত করেন। ঘটনার পর আহত লিমন ও তাঁর মা রাজাপুর থানায় যাওয়ার চেষ্টা করলে ইব্রাহীমের লোকজন তাঁদের বাধা দেয়। খবর পেয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লিমন ও তাঁর ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মা হেনোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের প্রথম আলো ডটকমকে বলেন, ‘লিমনের মায়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথা ফুলে আছে।’এদিকে, লিমনের ও তাঁর মায়ের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম হাওলাদার নিজেকে আহত দাবি করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।লিমন ও তাঁর মায়ের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন। তবে লিমনদের পক্ষ থেকে রাত ১০টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান ওসি।গত বছরের ২৩ মার্চ বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে আহত হন কলেজছাত্র লিমন। তাঁকে বাঁচাতে চিকিৎসকরা তাঁর একটি পা কেটে ফেলেন। এ ঘটনয় র‌্যাব লিমনের বিরুদ্ধে দুটি এবং লিমনের মা হেনোয়ারা বেগম র‌্যাবের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি মামলা করেন।লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্রমামলার সাক্ষীদের একজন ইব্রাহীম হাওলাদার।