লিমন ও তার বাবা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিমনকে লক্ষ্য করে গুলি করা হয়নি। সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে গেলে লিমন দৌড়ে পালাতে যায়। তখন র‌্যাব সদস্যদের গুলি লিমনের পায়ে লাগে। লিমন মোরশেদ জমাদ্দারের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। এমনকি তার বাবাও জড়িত।র্যাবের গুলিতে লিমনের পঙ্গু হওয়ার ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। গতকাল বিভিন্ন পত্রিকায় এসব তথ্য প্রকাশিত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ওই দিন ১২ জন সাংবাদিককে সেখানে আমন্ত্রণ জানানো হয়। তবে প্রথম আলো ও ডেইলি স্টারসহ বেশ কয়েকটি পত্রিকাকে আমন্ত্রণ জানানো হয়নি। ছিলেন না কোনো টিভি চ্যানেলের সাংবাদিকও। পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, প্রথম আলোকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে একজন সাংবাদিক তারিক সিদ্দিককে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘প্রথম আলোর কাউকে ডাকতে না করে দিয়েছি।’এ ব্যাপারে জানতে চেয়ে গতকাল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। উল্লেখ্য, আমন্ত্রণ না পাওয়ার কারণে গতকাল প্রথম আলোর পক্ষে এ খবর ছাপানো সম্ভব হয়নি।বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, সাংবাদিকেরা জানতে চান, র‌্যাবের মহাপরিচালক নিজেই বলেছেন, লিমন সন্ত্রাসী নয়, সে ঘটনার শিকার। এ সম্পর্কে তারিক আহমেদ সিদ্দিক বলেন, এখানে তথ্যের বিকৃতি ঘটেছে। র্যাব মহাপরিচালক বলেছিলেন, লিমন শীর্ষ সন্ত্রাসী ছিল না। কিন্তু প্রকাশিত সংবাদে ‘শীর্ষ’ শব্দটি বাদ রাখা হয়।প্রসঙ্গত, গত ১১ এপ্রিল র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেছিলেন, ‘আমরা তো আর লিমনকে ধরতে যাইনি। তার অপরাধ খুঁজতেও যাইনি। লিমন একটি ছোট ছেলে। আমরা তো বলছি না যে সে খারাপ বা সন্ত্রাসী ছেলে। এ রকম কিছু দেখছিও না।’ র‌্যাব মহাপরিচালকের এ বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তাঁর এই বক্তব্যের রেকর্ড প্রথম আলোর কাছে রয়েছে।পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, লিমনের ঘটনার ব্যাপারে তারিক সিদ্দিক বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য র‌্যাব বিলুপ্তির চক্রান্ত চলছে। আর এ চক্রান্তের সঙ্গে একটি সংবাদপত্রের সম্পাদক জড়িত। পত্রিকাটিতে ৪০ দিনে র্যাবের বিরুদ্ধে ৪৮টি প্রতিবেদন ছাপা হয়েছে। ফলে ওই সম্পাদকের কর্মকাণ্ডে অনেকেরই মনে প্রশ্ন দেখা দিয়েছে।উপস্থিত একজন সাংবাদিক প্রথম আলোকে জানান, প্রশ্নের জবাবে তারিক সিদ্দিক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত এক জঙ্গি জানিয়েছে, তাদের সঙ্গে ওই সম্পাদকের বৈঠক হয়েছে। এসব সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স তাঁকে চক্রান্তকারী হিসেবেই শনাক্ত করে। এসব কারণে তাঁকে আইনের আওতায় আনা যায়। তবে সাংবাদিকদের প্রতি সংবেদনশীলতার কারণে প্রধানমন্ত্রী এখনো তা চান না। তারিক সিদ্দিক ওই সম্পাদক বা পত্রিকার নাম উল্লেখ করেননি।তারিক সিদ্দিক বলেন, পত্রিকাটির সম্পাদক বিপদে পড়লে র‌্যাবের কাছেই যান। একসময় তাঁর পত্রিকার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। তাঁর পত্রিকা বিক্রি করতে দেওয়া হচ্ছিল না। পত্রিকা ছিঁড়ে ফেলা, পুড়িয়ে ফেলা হচ্ছিল। তাঁর কাছে কাফনের কাপড় পাঠানো হয়েছিল। র্যাবই তখন তাঁকে সহায়তা দিয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘র‌্যাব আজ প্রশ্নবিদ্ধ। এই এলিট বাহিনী জনগণের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। এ বাহিনীতে সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সামরিক উপদেষ্টার দায়িত্বে থাকার কারণে এ বিষয়ে কিছু বলার তাগিদ অনুভব করছি। বিষয়টি নিয়ে পরশু দিন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।’বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক বলেন, বিভিন্ন অপরাধে এ পর্যন্ত র‌্যাবের এক হাজার ১৪৭ সদস্যের শাস্তি হয়েছে। ৬৭ জন চাকরিচ্যুত হয়েছেন। আর কারাদণ্ড হয়েছে ১৬ জনের। অন্যদিকে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন ৩৪ জন।তারিক সিদ্দিক বলেন, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহ নিয়ে বর্তমান সরকার বড় ধরনের ঝামেলায় পড়ে। এ ঘটনায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব বড় ধরনের ভূমিকা পালন করে। জঙ্গি দমনে র্যাবের সাফল্য অতুলনীয়। জঙ্গিদের কাছ থেকে ৪০০ অস্ত্র ও ৭০ কেজি বিস্ফোরক উদ্ধার করে র্র‌্যাব।র‌্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ সম্পর্কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বলেন, বিচারের আগেই গুলি করে মেরে ফেলা হচ্ছে—এমন ঢালাও অভিযোগ ঠিক নয়। বিচারবহির্ভূত হত্যা নয়, কিছু ল্যাপসের ঘটনা ঘটতে পারে। জনরোষ থেকে উদ্ধার করা আহত সন্ত্রাসী পরে মারা গেলেও তার জন্য র‌্যাবকে দায়ী করা হয়েছে। বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের কমিশনার চৌধুরী আলম সম্পর্কে তারিক সিদ্দিক বলেন, তাঁর পারিবারিক কিছু সমস্যা ছিল। ঘটনাটি এখনো তদন্তাধীন। মির্জা আব্বাসের বাড়িতে র্যাবের অভিযান সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে যে ভিডিও প্রচার করা হয়েছে, তাতে ফ্যাব্রিকেশন রয়েছে। এক ঘটনার ভিডিওর সঙ্গে অন্য ঘটনার ভিডিও জুড়ে দেওয়া হয়েছে।র‌্যাবের বিরুদ্ধে চক্রান্তের জন্য দেশি-বিদেশি এনজিওকেও অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এলিট ফোর্স রয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে মানবাধিকার প্রশ্নে তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় না। ভারতে ব্ল্যাকক্যাট, আমেরিকায় হোমল্যান্ড সিকিউরিটি ফোর্স দেশের নিরাপত্তা প্রশ্নে যেকোনো দেশের রাষ্ট্রপতিকেও গ্রেপ্তারের ক্ষমতা রাখে।প্রসঙ্গক্রমে তারিক আহমেদ সিদ্দিক পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠীকে সহায়তার নামে বিদেশি কিছু এনজিও এ দেশের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত বলেও অভিযোগ করেন। তিনি বলেন, ওরা পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠীকে আদিবাসী বলে প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।