ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের পায়ে অস্ত্র ঠেকিয়ে র্যাব গুলি করেনি। সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলিতে লিমন আহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবাল খান চৌধুরীর কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় ইকবাল খান চৌধুরী সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশবাসীর অনেক আগ্রহ রয়েছে।’ তিনি বলেন, তদন্ত প্রতিবেদনটি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর কাছে জমা দেবেন। প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি হবে না, সে ব্যাপারে প্রতিমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমাদের হাতে আসুক, তখন বিবেচনা করব, এটা গ্রহণযোগ্য কি না। গ্রহণযোগ্য না হলে আমরা সেটা প্রত্যাখ্যান করব।’সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে লিমনকে ‘সন্ত্রাসী’ বলা হয়নি। বলা হয়েছে, লিমন সন্ত্রাসী বা সে সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী কি না, তা প্রমাণসাপেক্ষ ব্যাপার। সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সাতুরিয়া গ্রামে সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে গ্রেপ্তার করার জন্য র্যাব অভিযান চালাতে গেলে গোলাগুলি হয়। তখন সেখানে মোরশেদ জমাদ্দার উপস্থিত ছিল এবং লিমনও উপস্থিত ছিল। গোলাগুলিতে লিমন গুলিবিদ্ধ হয়। তবে কার বা কোন অস্ত্রের গুলিতে লিমন আহত হয়েছে, তা তদন্ত কমিটি বের করতে পারেনি।তদন্ত কমিটির কাছে লিমন অভিযোগ করেছিল, সেখানে কোনো বন্দুকযুদ্ধ হয়নি। র্যাব তাকে ধরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে। কমিটি লিমনের এই অভিযোগের প্রমাণ পায়নি। প্রতিবেদনে বলা হয়, লিমন যাদের সাক্ষী মেনেছে, তাদের বক্তব্য ও লিমনের বক্তব্যের মধ্যে মিল পাওয়া যায়নি। এমনকি লিমনের মা ও বাবার দেওয়া বক্তব্যেও গরমিল পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে র্যাবের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রতিবেদন জমা দেওয়ার পর গতকাল বিকেলে সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শওকত আকবর উপস্থিত সাংবাদিকদের বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নেতৃত্বে এ কমিটি করে। তিনি বলেন, পুরো বিষয়টি এখন ফৌজদারি বিষয়। এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। এ জন্য তিনি তদন্ত না করে বিষয়টি অনুসন্ধান করেছেন। অনুসন্ধানের ধরনও ছিল উন্মুক্ত। তিনি সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়েছেন।এ ব্যাপারে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল গত রাতে প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তদন্ত প্রতিবেদন কতটুকু বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ, সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। এই আশঙ্কা আমরা আগেই করেছিলাম, যখন সরকারের এত উঁচু পর্যায়ের ব্যক্তিরা এ নিয়ে এত মন্তব্য করছিলেন। তারা আবারও প্রমাণ করল, সরকার যখন কোনো বিষয়ে তদন্ত করে, সেটা প্রভাবিত হয় এবং নিরপেক্ষ তদন্ত হয় না।’সুলতানা কামাল বলেন, ‘কার বা কোন অস্ত্রের গুলিতে লিমন আহত হলো, যদি সেটা বের করতে না পারে, তাহলে কমিটি কী তদন্ত করল? আর সেখানে যে বন্দুকযুদ্ধ হয়েছে, সেটারই বা কী আলামত তারা পেল, তা আমরা জানতে চাই। কোথাও কোনো বন্দুকযুদ্ধ হলে, তার আশপাশের এলাকার সব মানুষ জানতে পারে, সেখানে বহু আলামত থাকে। এখন তো তথ্য অধিকার আইন হয়েছে। সবার জানার অধিকার রয়েছে, তদন্ত কমিটি কিসের ভিত্তিতে বলল, সেখানে বন্দুকযুদ্ধ হয়েছে। সেটা প্রকাশ করা হোক।’প্রসঙ্গত, গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের গুলিতে আহত হয় এইচএসসি পরীক্ষার্থী লিমন। লিমনের অভিযোগ, বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গেলে র্যাবের সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে গ্রামবাসী চাঁদা তুলে দরিদ্র পরিবারের সন্তান লিমনের চিকিৎসার খরচ জোগায়। তাকে প্রথমে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা লিমনের জীবন বাঁচাতে তার বাঁ পা উরুর নিচ থেকে কেটে ফেলেন।এ ঘটনায় গত ১৯ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে বলেন, লিমন সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। এমনকি তার বাবাও সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের বাহিনীর সঙ্গে জড়িত।পরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা উপদেষ্টার বক্তব্য সরকারেরই বক্তব্য। এর পর ২৩ মে ঢাকায় সদর দপ্তরে র্যাবের এক সংবাদ সম্মেলনে লিমন ও তার বাবার পাশাপাশি তার মা ও কলেজপড়ুয়া বোনকেও সন্ত্রাসী বলা হয়।ওই সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেছেন, লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে গঠিত র্যাবের দুটিসহ চারটি তদন্ত কমিটির প্রতিবেদন তাঁদের হাতে এসেছে। সেসব তদন্তে লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার কোনো প্রমাণ মেলেনি। সন্ত্রাসী মোরশেদ জমাদ্দার বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলির সময় মোরশেদের সহযোগী লিমনও গুলিবিদ্ধ হয়।