লিমন কারাগার থেকে হাসপাতালে
র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনকে উন্নত চিকিত্সার জন্য কারাগার থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে তাঁকে পুলিশ পাহারায় হাসপাতালে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার সকালে লিমনকে ঢাকা থেকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নেওয়া হলে বিচারক নুসরাত জাহান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তিনি লিমনের উন্নত চিকিত্সার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।ঝালকাঠির জেলা কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গতকাল পুলিশ লিমনকে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে ঝালকাঠিতে নিয়ে যায়। গত ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুরে গুলিবিদ্ধ হওয়ার পর ২৫ মার্চ রাতে লিমনকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এরপর থেকে লিমন সেখানেই ছিল। হাসপাতালের চিকিত্সকেরা তাঁর বাঁ-হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন।