লিমন ঘটনার শিকার হতে পারে: র্যাবের ডিজি
র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেছেন, ‘র্যাব মোরশেদ জমাদ্দারকে ধরতে গিয়েছিল। ওই সময় এই ছেলেটি (লিমন) গুলিবিদ্ধ হয়। সে ওই ঘটনার শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’আজ সোমবার র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ঝালকাঠির এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনের ওপর র্যাবের গুলি বর্ষণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি এই কথা বলেন।এর আগে গতকাল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, লিমন হোসেনের ওপর র্যাবের নির্যাতনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। র্যাবই এ তদন্ত করবে।গত ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তাঁর দাবি, র্যাব সদস্যরা তাঁকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। পরে পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা তাঁর বাঁ পা কেটে ফেলেন। এ ঘটনায় র্যাবের বিরুদ্ধে গতকাল লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ঝালকাঠি আদালতে মামলা করেন।