লিমন নয়, রাষ্ট্রই পঙ্গু হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের সঙ্গে দেখা করেছেন গণ ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্যসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে লিমনের ভাড়াবাসায় যান বাম নেতারা। বামনেতা পঙ্কজ ভট্টাচার্য সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, রাষ্ট্রের একটি বাহিনীর গুলিতে লিমন পঙ্গু হয়েছে। লিমন পঙ্গু হওয়ার পর রাষ্ট্র তার খোঁজখবর নেয়নি। এ থেকে প্রমাণিত হয়, লিমন নয়, রাষ্ট্রই পঙ্গু হয়ে গেছে। পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, লিমনের ওপর নির্যাতনের ঘটনায় সরকারের বিভিন্ন সংস্থা প্রধানমন্ত্রীকে যেসব তথ্য দিয়েছে, তা ছিল ভুল। লিমনের প্রকৃত ঘটনা জানার জন্য প্রধানমন্ত্রীর উচিত নির্ভরযোগ্য লোক পাঠিয়ে তদন্ত করা। লিমনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এই বামনেতা বলেন, ‘আমরা লিমনের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি আরও বলেন, সরকারের ভুলের কারণে আজ পত্রপত্রিকায় ‘লিমন বনাম রাষ্ট্র’ শিরোনাম দিয়ে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লেখা হয়। সরকারের উচিত ছিল উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী লিমনের চিকিত্সার ব্যয়ভার নেওয়া; কিন্তু সরকার তা করেনি। লিমনের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার ভুল শোধরাতে পারে বলে মন্তব্য করেন তিনি। প্রতিনিধিদলে ছিলেন গণ ঐক্যের সদস্যসচিব এস এম এ সবুর, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, গণ ঐক্যের দপ্তর সম্পাদক আবদুল মুনায়েম নেহেরু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল। প্রতিনিধিদলের কাছে লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘র‌্যাবের নিষ্ঠুর নির্যাতনের পর এখন তাদের সোর্স ইব্রাহিম ও মানিক জমাদ্দার আমাদের ওপর হামলা-মামলা করে বাড়িঘর দখল করে নিতে চাইছে।’ লিমন বলেছে, ‘র‌্যাবের সোর্স ইব্রাহিমের হামলার কারণে এখন আমি একটি কানে কম শুনি। ওদের ভয়ে বাড়িতে না থেকে কাউখালীতে থাকি। র‌্যাবের করা দুটি মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’