লিমন মুক্তি পেলেও মুক্ত নয়
র্যাবের গুলিতে পা হারানো লিমন ৪৫ দিন আটক থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছে। গতকাল সোমবার বিকেলে আদালতের আদেশ পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। এরপর হাসপাতালের কারাকক্ষ থেকে আনা হয় সাধারণ ওয়ার্ডে। লিমনের চারপাশে এখন আর কারারক্ষী নেই, নেই নিরাপত্তার কড়াকড়ি। তবে কারাগার থেকে মুক্তি পেলেও মুক্ত নয় লিমন। বন্দিদশা ঘুচলেও বাড়ি ফিরে যেতে পারেনি সে। পড়ে থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়।ক্রাচে ভর করা লিমন মুক্তির পর বলেছে, ‘আমার দুটি পা ছিল। র্যাব আমার একটি পা কেন কেড়ে নিল। আমি সরকারের কাছে আমার হারানো পা ফেরত চাই।’ ৫ মে উচ্চ আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। বরিশাল কারাগারে সে আদেশের কপি পৌঁছার পর গতকাল বিকেল পাঁচটায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের কারাকক্ষ থেকে তাকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করা হয়। মুক্তির পর লিমনকে নেওয়া হয় অর্থোপেডিক বিভাগে। হাসপাতালের পরিচালক জানান, যত দিন প্রয়োজন তত দিন এ হাসপাতালে লিমনের চিকিৎসা দেওয়া হবে। যেভাবে মুক্ত লিমন: উচ্চ আদালত থেকে জামিন আদেশ ডাকযোগে (জিইপি) ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালত পাঠানো হয় গত রোববার। কিন্তু ডাক বিভাগের ভুলের কারণে গতকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত এ আদেশ ঝালকাঠি ডাকঘরে পৌঁছায়নি। পোস্টমাস্টার অসিত কুমার মল্লিক জানান, হাইকোর্টের ডাকঘর ভুল করে রসিদের (গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট) চিঠিটি ঢাকা কমলাপুর ডাকঘরে পাঠিয়ে দিয়েছে। তবে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি তপন কুমার সরকার ও নূরুল ইসলাম উচ্চ আদালতের আদেশের অনুলিপি নিয়ে গতকাল সকালেই ঝালকাঠিতে পৌঁছান। লিমনের আইনজীবী নাসির উদ্দিন কবির ওই অনুলিপি পেয়ে বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে জামানতনামা দাখিল করেন। বিচারক রেজা তারিক আহমদ ২০ হাজার টাকা মুচলেকায় লিমনের জামিন দেন। এরপর সেই আদেশ কারাগারে পাঠানো হয়।ঝালকাঠি কারাগারে উপ কারা কর্মকর্তা মো. আবু ইউসুফ লিমনের জামিনের মুক্তির আদেশ বিকেল তিনটায় বরিশাল কারাগারে পাঠান। বরিশাল কারাগারের তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া ও কারাধ্যক্ষ আবু সায়েম ওই আদেশ নিয়ে বিকেল চারটা ৪৫ মিনিটে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে উপস্থিত হন। এর পরই লিমনের মুক্তি মেলে। তবে লিমনের মুক্তির খবরে বরিশাল ও ঝালকাঠির সাধারণ মানুষ ও সংবাদকর্মীরা ভিড় করেন। মুক্তির পর লিমন বলে, ‘সাংবাদিকদের ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারব না।’ প্রথম আলো, জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে লিমন। লিমনের বাবা তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কারাগারে থাকার সময় ওর সঙ্গে দেখা করার সুযোগও মেলেনি।’ এখন ভালো চিকিৎসাব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘লিমনকে এত দিন প্রিজন সেলের কক্ষে চিকিৎসা নিতে হয়েছে। সে পরিবারের সান্নিধ্য পায়নি। এখন ওর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, যাতে পরিবার নিয়ে থাকতে পারে। লিমন চাইলে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থাও করা হবে।বিনা পারিশ্রমিকে লিমনের মামলা পরিচালনাকারী আইনজীবী নাসিরউদ্দিন কবির, নাসিমুল হাসান ও মানিক আচার্য প্রথম আলোকে বলেন, ‘র্যাবের করা সাজানো অস্ত্র মামলায় লিমন নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’গত ২৩ মার্চ ঝালকাঠি রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে কলেজছাত্র লিমন হোসেন বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে পা হারায়। এরপর র্যাবের উপসহকারী পরিচালক লুৎফর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় দুটি মামলা দায়ের করেন। এর একটি অস্ত্র আইনে, অপরটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। ওই দিন রাতে পুলিশ তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করায়। পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তার পা কেটে ফেলেন।র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ৩ মে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করা হয় লিমনকে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। এর পর থেকে লিমনকে বরিশাল কারাগারের মাধ্যমে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।