লিমন রোববার পর্যন্ত হাসপাতালে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো লিমনকে আগামী রোববার পর্যন্ত হাসপাতালে থাকার অনুমতি দিয়েছে জাতীয় পুনর্বাসন প্রতিষ্ঠান ও অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) হাসপাতাল। আজ বৃহস্পতিবার লিমনকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু লিমনের শারীরিক অসুবিধার কথা জানিয়ে তার পরিবার আরও কয়েক দিন হাসপাতালে থাকার আবেদন করলে হাসপাতাল কর্তৃপক্ষ রোববার পর্যন্ত থাকার অনুমতি দেন। এর আগে গত মঙ্গলবার লিমনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর পঙ্গু হাসপাতালে যান। সে সময় লিমনের চিকিত্সক হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. মোফাখখারুল বারী সাংবাদিকদের সামনে তদন্ত কমিটির প্রধানকে বলেছিলেন, ‘লিমনের আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই। ২ জুন তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা তাকে অন্যান্য রোগীর চেয়ে অতিরিক্ত সুযোগ-সুবিধা দিয়েছি। ওর পায়ের ক্ষত সম্পূর্ণ শুকিয়ে গেছে। ফিজিওথেরাপি ছাড়া আর কোনো চিকিত্সা আপাতত দরকার নেই।’মোফাখখারুল বারী বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আড়াই-তিন মাস পর লিমনের কৃত্রিম পা লাগানো যাবে। সিডিডি নামের একটি বেসরকারি সংস্থা ওর কৃত্রিম পা তৈরি এবং লাগানোর দায়িত্ব নিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গত ১০ মে উন্নত চিকিত্সার জন্য দ্বিতীয় দফায় লিমনকে সহযোগী অধ্যাপক মোফাখখারুল বারীর অধীনে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।