লিমনকে জিজ্ঞাসাবাদ করল র্যাবের তদন্ত কমিটি
ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন লিমনকে গতকাল শনিবার পৃথক একটি কক্ষে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে র্যাবের তদন্ত কমিটি।লিমনের বাবা তোফাজ্জেল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি। বেলা ১১টার দিকে হাসপাতালের শয্যা থেকে লিমনকে অনেকটা জোর করে অন্য একটি কক্ষে নেওয়া হয়। তোফাজ্জেল তখন হাসপাতালের বাইরে ছিলেন।তদন্ত কমিটির লোকজন চলে যাওয়ার পর লিমন সাংবাদিকদের জানায়, সকালে এক চিকিৎসক এসে তাকে আরেক ঘরে নিয়ে যেতে তোড়জোড় শুরু করেন। সে পঙ্গু, জলদি তাঁদের সঙ্গে যাওয়াটা কষ্টকর, এ কথা বলার পরও মানতে নারাজ চিকিৎসক। সে বলে, ‘ওই ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে অপরিচিত কিছু লোক ভেতর থেকে দরজার সিটকিনি লাগাইয়া দেলে আমি ভয় পাই। পরে তাঁরা দরজা খুইল্যা দ্যান। আমি তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা বলেন, “আমরা তদন্ত কমিটির লোক”।’লিমন জানায়, ‘ওই লোকরা ২৩ মার্চ বিকেলে আমাদের গ্রামের পুরাতন জমাদ্দার হাটের সেতু ও সেতুর ওপারে আমার যাওয়ার কারণ জানতে চান। তাঁরা আরও জানতে চান, সন্ত্রাসী মোরশেদ জমাদ্দার আমার কোনো আত্মীয় কি না। মোরশেদকে চিনি কি না। এভাবে দুই ঘণ্টা ধরে ঘুরেফিরে এসব প্রশ্নই করতে থাকেন। এরপর একটি কাগজে আমার সই নেতে চাইলে রাজি অইনি। এতে তাঁরা রেগে যান। পরে তাঁরা বাইর অইয়্যা যান।’পরে লিমনের চিকিৎসক সহযোগী অধ্যাপক মোফাখখারুল বারী সাংবাদিকদের বলেন, লিমনকে জিজ্ঞাসাবাদ-সম্পর্কিত চিঠি তিনি গতকাল সকালে হাতে পান। পঙ্গু হাসপাতালের পরিচালকের নির্দেশে তিনি তদন্ত কমিটিকে সহযোগিতা করেছেন মাত্র।লিমনের বাবাকে আগে থেকে এ ব্যাপারে জানানো হয়েছিল কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মোফাখখারুল বারী বলেন, লিমনকে ডাকতে গিয়ে তার বাবাকে পাওয়া যায়নি। অপেক্ষা করার সুযোগ না থাকায় তাঁকে জানানো যায়নি। তাঁর দাবি, তিনি সরকারি আদেশ পালন করেছেন। এ সময় লিমনের পাশে থাকা তার মামাকেও বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেননি।মোফাখখারুল বারী এ সময় তদন্তসংক্রান্ত একটি চিঠি দেখান। তাতে সই করেছেন তদন্ত কমিটির সভাপতি ও র্যাবের পরিচালক (ট্রেনিং ও ওরিয়েন্টেশন উইং) এবং পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মেজবাহউদ্দিন। চিঠিতে বলা হয়, ‘লিমনকে তদন্ত পর্ষদ কর্তৃক ১৪ মে সকাল ১০টায় হাসপাতালে জিজ্ঞাসাবাদ ও বক্তব্য গ্রহণের দিন ধার্য রয়েছে।’লিমনের মামা ইলিয়াছ হোসেন সাংবাদিকদের বলেন, লিমনকে ওই কক্ষে নেওয়ার সময় তিনিও সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা হাসপাতালে গেলে তাঁদেরও ঢুকতে দেওয়া হয়নি।জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির লোকজন গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের নাম-পদবি বলতে রাজি হননি। শুধু বলেছেন, তাঁরা সরকারের তদন্ত কমিটির লোক।লিমনের বাবা তোফাজ্জেল হোসেন বলেন, র্যাবের গুলিতে পা হারানোর পর থেকে লিমন এমনিতে আতঙ্কগ্রস্ত। গতকালের এ ঘটনায় তার মধ্যে আরও ভীতির সঞ্চার হলো।অবশ্য র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘র্যাব সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আগে থেকেই ঘটনার তদন্ত করছেন। তিনি স্বাধীনভাবে কাজ করছেন।’সাহায্যের আবেদন: ঢাকার পঙ্গু হাসপাতালে মানুষের আর্থিক সহযোগিতায় লিমনের চিকিৎসা চলছে। চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিতে অনেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। সাহায্য পাঠাতে লিমনের মা মোসাম্মদ হেনোয়ারার (Mst. Henoara) নামে ডাচ্-বাংলা ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। হিসাব নম্বর ১৪৮.১০১.২৯১৫৭০।আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, গতকাল ঝালকাঠি-১ আসনের সরকারদলীয় সাংসদ বি এইচ এম হারুন লিমনের চিকিৎসার জন্য তার মায়ের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।