জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, লিমনকে নিয়ে সরকার যে ধূম্রজাল ও আলোড়ন সৃষ্টি করেছে, তা প্রয়োজন ছিল না। কী ঘটনা ঘটেছিল তা সত্য করে বললেই ভালো হতো। মনে হয়, সরকার ও রাষ্ট্রযন্ত্র লিমনের বিরুদ্ধে। এটা খুবই অনভিপ্রেত।আজ শনিবার ঢাকার ধামরাইয়ে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এস এম ফখরুজ্জামানের মালিকানাধীন জার্মান-বাংলা বাইসাইকেল লিমিটেড নামে একটি কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, লিমনকে নিয়ে সরকার যা বলছে জনগণ তা গ্রহণ করছে না। শিগগিরই এর নিষ্পত্তি করাটা ভালো হবে। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আমাদের রাজনীতিবিদদের কপালে কলঙ্কের তিলক। এটা যত শিগগিরই মুছে ফেলা যায় ভালো।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আদালতের রায় সম্পর্কে তাঁর মন্তব্য হচ্ছে, ‘এ রায়ে আমাদের বিজয় হয়েছে। অনেকেই বলছেন, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলেই হয়তো আগামী দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে বলে রায়ে উল্লেখ আছে।’এরশাদ এ রায়কে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন।