লিমনকে নিয়ে প্রতিরক্ষা উপদেষ্টার বক্তব্য সত্যের অপলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন (১৬) ও তার পরিবারের সবাইকে সন্ত্রাসী আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। তাঁরা বলেন, উপদেষ্টার বক্তব্য সত্যের অপলাপ। তাঁর ওই বক্তব্য শুধু স্বাভাবিক বিচার প্রক্রিয়াকেই ব্যাহত করবে না, সন্ত্রাসীদেরও উৎসাহিত করবে।গতকাল রোববার সন্ধ্যায় বাম নেতারা বরিশালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে গতকাল সকালে বামপন্থী বিভিন্ন দলের ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল লিমনের গ্রাম ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া যায়। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন এবং লিমনের ঘটনা নিয়ে ওই এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এরপর বরিশাল ফিরে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে এ নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একটি বিষয় তদন্তাধীন থাকা অবস্থায় প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার বক্তব্য সবাইকে হতবাক করেছে। পরে তাঁর এ বক্তব্য প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সমর্থন করায় লিমনের ঘটনায় সরকারের তদন্তে আর আস্থা রাখার সুযোগ নেই। তিনি লিমনের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিচার বিভাগ ও আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে স্বাধীন তদন্ত কমিটি করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি রাগিব আহসান বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া আমরা ১৪ দলের একটি বড় অংশ লিমনের গ্রামে যাই প্রকৃত সত্য জানতে।’ তিনি বলেন, লিমনের ঘটনা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর একটি মহল তাকে সন্ত্রাসী বানানোর চেষ্টায় উঠেপড়ে লেগেছে। স্বার্থান্বেষী মহল তাদের অবৈধ কার্যক্রমকে স্থায়ী রূপ দেয়ার জন্যই পরিকল্পিতভাবে মাঠে নেমেছে।বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রহমান ফিরোজ বলেন, ‘ওই গ্রামের কোনো মানুষ, বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ কেউই বলেনি লিমন সন্ত্রাসী। লিমনকে সামনে রেখে প্রকৃত দোষী ও গডফাদাররা আড়ালে থেকে যাচ্ছে। স্থানীয় চেয়ারম্যানও সব কথা বলতে সাহস পাচ্ছেন না। তিনি আমাদের বলেছেন, “আমি আওয়ামী লীগ করি, তাই দলের কথাই বলি।”’গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, ‘অনেকে মনে করতে পারেন, লিমনকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। আমরা শুধু লিমনকে গুলি করার বিষয় নয়, এর আগে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যার ব্যাপারেই কথা বলেছি। সাধারণ মানুষের নিরাপত্তার চিত্র তুলে ধরার জন্য আমরা লিমনের গ্রামে যাই। অবস্থা দেখে মনে হয়েছে, সেখানে দুই ধরনের সন্ত্রাস চলছে। একটি সরকারিভাবে, অন্যটি ব্যক্তিস্বার্থে।’ ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, সাতুরিয়া গ্রামে সবার সঙ্গে কথা বলে মনে হয়েছে, লিমনকে গুলি করার সময় সেখানে কোনো বন্দুকযুদ্ধ হয়নি। গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ‘লিমন সন্ত্রাসী—এমন কোনো তথ্য আমরা পাইনি। সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের লাগামহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। লিমনকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তাতে আমরা শঙ্কিত।’মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য বহ্নিশিখা জামালী, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলামসহ বরিশালের বাম গণতান্ত্রিক জোটের নেতারাও উপস্থিত ছিলেন। আগেই পৌঁছান যুবলীগ-ছাত্রলীগ ও র্যাবের সোর্স: গতকাল বেলা ১১টায় ঢাকা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর থেকে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের ৩২ জন নেতা রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে লিমনকে গুলি করার ঘটনার তদন্তে যান। এ সময় বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের স্থানীয় প্রতিনিধিরাও সেখানে যান।বাম নেতারা পৌঁছার আগেই যুবলীগ ও ছাত্রলীগের রাজাপুর উপজেলা শাখার জনা বিশেক নেতা-কর্মীসহ র্যাবের স্থানীয় সোর্স বলে পরিচিত কয়েক জন লিমনদের বাড়ির পাশে একটি মসজিদের সামনের খোলা জায়গায় জড়ো হন। গ্রামের লোকজন সাংবাদিকদের জানান, রাজাপুর থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সাতুরিয়ায় নিয়ে গেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের নেতা চন্দ্র শেখর হালদার। পরে জানতে চাইলে চন্দ্র শেখর হালদার প্রথম আলোকে বলেন, ‘আমি একসময় ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলাম। আমার সাবেক সংগঠনের নেতারা এসেছেন, এ খবর শুনে আমি সাতুরিয়ায় গিয়েছিলাম।’বাম নেতারা ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মী ও র্যাবের কথিত সোর্সদের সামনেই লিমনের মা হেনোয়ারা বেগম ও বোন লাকি আক্তারের কাছ থেকে ঘটনার আগে-পরের বর্ণনা শোনেন। পুনর্গঠিত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, লিমনের ঘটনা সম্পর্কে বক্তব্য দিতে যুবলীগের নেতা চন্দ্র শেখর হালদার, রাজাপুর শাখা যুবলীগের মিল্লাত খন্দকার, রবিন আহমেদ খসরু, উপজেলা শাখা ছাত্রলীগের আহ্বায়ক নাসিরউদ্দিন মৃধাসহ কয়েকজন আগ্রহ প্রকাশ করায় তাঁদের কথাও প্রতিনিধিদল শোনে। তিনি বলেন, লিমনদের প্রতিবেশী গ্রামের কিছু লোক যুবলীগ-ছাত্রলীগের নেতা ও র্যাবের কথিত সোর্সদের সামনে কথা বলতে রাজি হননি। পরে আলাদাভাবে তাঁদের কথা প্রতিনিধিদল শুনেছে। যুবলীগ নেতা চন্দ্র শেখর হালদার প্রথম আলোকে জানান, লিমন সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী কিংবা সন্ত্রাসী কি না, তা তাঁরা জানেন না বলে যুবলীগ-ছাত্রলীগের নেতারা বাম নেতাদের বলেছেন। তবে সাতুরিয়া গ্রামে অনেক কিশোর আছে মোরশেদ জমাদ্দারের সহযোগী। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুনর্গঠিত ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল প্রথম আলোকে বলেন, লিমনের ওপর র্যাবের এ অমানবিক ঘটনা ধামাচাপা দিতে ভাড়া করা কিছু লোক এলাকাবাসীকে ভয় দেখিয়েছে।