লিমনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
র্যাবের দায়ের করা সরকারি কাজে বাধাদানের মামলায় ঝালকাঠির কলেজছাত্র লিমনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য লিমনের আইনজীবীরা আজ বুধবার আবেদন করেন। বিচারক নুসরাত জাহান এ আবেদন মঞ্জুর করেন।আবেদনকারীর আইনজীবী নাসির উদ্দিন কবির জানান, সরকারি কাজে বাধাদানের মামলায় লিমনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার দিন ধার্য ছিল আজ। আদালতের বিচারক মামলার শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। একই সঙ্গে এ মামলায় লিমনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। র্যাবের গুলিতে এক পা হারানো লিমন ও তাঁর মা হেনোয়ারা বেগম এ সময় আদালতে উপস্থিত ছিলেন।এদিকে একই আদালতে লিমন হত্যাপ্রচেষ্টা মামলা থেকে ছয় র্যাব সদস্যকে অব্যাহতি দিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মায়ের নারাজি আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে লিমনের মায়ের পক্ষে অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির, আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মো. আবদুর রশীদ, নিনা গোস্বামী, ছালমা জাবিন ও মানিক আচার্য্য অংশ নেন। বিকেলে আদেশ দেবেন আদালত।