বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অঙ্গীকার করা হয়েছে। বলা হয়েছে, ক্ষমতায় এলে রিমান্ডে নিয়ে নির্যাতন বন্ধ করা হবে, ক্রসফায়ার বন্ধ হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। কিন্তু এ সরকারের আমলেই সবচেয়ে বেশি এ ধরনের ঘটনা ঘটছে। মির্জা ফখরুল বলেন, পঙ্গু লিমনকেই শুধু নয়, তার গোটা পরিবারকে সন্ত্রাসী বানাতে রাষ্ট্র উঠেপড়ে লেগেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে প্রতিপক্ষকে নির্মূল করার জন্য সব ব্যবস্থা তারা করছে। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসের আলোচনাসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। মানবাধিকার সংগঠন অধিকার এ আলোচনার আয়োজন করে। আলোচনাসভায় তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বারবার বিরোধী দলকে আলোচনায় আসার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু এই আলোচনা কার সঙ্গে হবে, কোথায় হবে, সে সম্পর্কে বিরোধী দল বিএনপি বা অন্য কোনো দল কিছুই জানে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আলোচনা নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা একেক রকম কথা বলছেন। তিনি বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে। অন্যদিকে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আলোচনা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। তিনি বলেন, পরস্পরবিরোধী এসব বক্তব্যের কোনটা বিএনপি গ্রহণ করবে তা স্পষ্ট নয়।আলোচনাসভায় অধিকারের উপদেষ্টা, কলামিস্ট ফরহাদ মাজহার বলেন, বাংলাদেশ নির্যাতনবিরোধী জাতিসংঘের আন্তর্জাতিক সনদ স্বাক্ষর করেছে কিন্তু রাষ্ট্রের হাতে প্রতিনিয়তই সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। তিনি সরকারের প্রতি নির্যাতনবিরোধী আইন করার জন্য আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন অধিকারের উপদেষ্টা কলামিস্ট ফরহাদ মাজহার। বক্তব্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, রাজনীতিক, ভাষ্যকার মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরিফুল আম্বিয়া, হিল উইমেন্স ফেডারেশনের সম্পাদক কণিকা দেওয়ান প্রমুখ।