লিমনকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা করছে র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে র্যাবের গুলিতে আহত কলেজছাত্র লিমন হোসেনকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা চলছে বলে তার পরিবার অভিযোগ করেছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে লিমনের মা-বাবা সংবাদ সম্মেলনে লিমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মিথ্যা মামলা প্রত্যাহার করে দোষী র্যাব সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন। সম্মেলনে লিমনের বাবার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার বড় ভাই হেমায়েত হোসেন ওরফে সুমন। এ সময় উপস্থিত লিমনের বাবা তোফাজ্জল হোসেন ও মা হেনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন। লিখিত বক্তব্যে বলা হয়, লিমন গরিব ঘরের সন্তান। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল। অভাবের সংসারে সে ইটের ভাটায় কাজ করে পড়াশোনা চালাত। গত ২৩ মার্চ বিকেলে সে বাড়ির কাছে গরু আনতে সাতুরিয়ার পুরাতন মোল্লারহাটের সেতুতে যায়। এ সময় র্যাব-৮-এর একটি দল তার শার্টের কলার ধরে পরিচয় জানতে চায়। লিমন নিজেকে কলেজছাত্র পরিচয় দেয়। এরপর র্যাব সদস্যরা তাকে কলার ধরে সেতুর পাশে শহীদ জমাদ্দার বাড়ির সামনের রাস্তায় নিয়ে যান। র্যাবের এক সদস্য তার বাঁ পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকেরা পরে তার বাঁ পা কেটে ফেলেন।বক্তব্যে বলা হয়, র্যাব দাবি করে আসছিল, লিমন সন্ত্রাসী। অথচ খোদ র্যাবের মহাপরিচালক নিজেই স্বীকার করেছেন, লিমন ঘটনার শিকার। স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় এখন তার চিকিৎসা চলছে। লিমন সন্ত্রাসী হলে মানুষ এভাবে চাঁদা তুলে তার চিকিৎসা চালাত না। লিমনকে গুলি করার পর ১০ এপ্রিল লিমনের মা হেনোয়ারা বেগম ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ র্যাব-৮-এর ছয় সদস্যের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেন। আদালত তা মামলা হিসেবে নিতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু ১৪ দিন পরও থানায় মামলা রেকর্ড হয়নি। বক্তব্যে আরও বলা হয়, র্যাবের সোর্স পরিচয়দানকারী মানিক জমাদ্দার, ইব্রাহিমসহ কিছু লোক লিমনের পরিবারকে ভয় দেখাচ্ছে। থানার সন্ত্রাসী তালিকায় তাদের ছবিসহ নাম রয়েছে। র্যাবের সোর্স মানিক জমাদ্দার চাঁদাবাজির একটি মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। র্যাবের সঙ্গেই তাকে চলাফেরা করতে দেখা যায়। এ অবস্থায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। লিমনের সপক্ষে স্থানীয় যেসব মানুষ গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, র্যাব তাঁদের অনেককেই ভয়ভীতি ও বাড়িঘর ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে। র্যাবের এই হুমকির পর স্থানীয় মাছ ব্যবসায়ী আইয়ুব আলী জমাদ্দার এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। লিমনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তার পরিবার লিমনের সুচিকিৎসার ব্যবস্থা করা, কৃত্রিম পা সংযোজন এবং ভবিষ্যতে তার লেখাপড়া ও শিক্ষা শেষে উপযুক্ত কর্মসংস্থানের দায়দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে র্যাব সদস্যদের বিরুদ্ধে লিমনের মায়ের দেওয়া মামলাটি থানাকে গ্রহণের দাবি জানানো হয়।২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য লিমনের ঘটনা তদন্তের জন্য একটি সংসদীয় উপকমিটি গঠনের প্রস্তাব করলেও স্বরাষ্ট্রমন্ত্রী তাতে আপত্তি জানান। এতে লিমনের পরিবার আশঙ্কা করছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো লিমনকে সন্ত্রাসী প্রমাণের চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, লিমনের ঘটনায় ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত শুধু একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিমনের মা ছাড়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেননি। তারা র্যাবের সোর্স বলে পরিচিত এমন লোকজনের সাক্ষ্য নিয়েছে, যাদের বাড়ি ঘটনাস্থল থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে। বাকি পাঁচটি কমিটি এখনো ঘটনাস্থলে আসেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ‘লিমন পঙ্গু অওয়ার পর হইতে বাকি দুইডা মাইয়া পোলাও পঙ্গুর মতো অইয়া গ্যাছে। অরা পড়তে বইলেও আর পড়া অয় না। লিমন বহুত কষ্ট কইর্যা ল্যাহা পড়া করত। কোনো দিনই ও তিন বেলা খাইতে পারে নাই। আশা ছিল, লিমন ইঞ্জিনিয়ার অইয়া পরিবারের হাল ধরবে। এ্যাহন সব শেষ অইয়া গেল।’ বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘ফলের দোকানে চাকরি করে সন্তানদের লেখাপড়া করাচ্ছিলাম। হাসপাতালে লিমনের কাছে থাকার কারণে তাঁর চাকরিটাও চলে গেছে। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে এখন তিনি নিঃস্ব। থানায় মামলা নেওয়ার অনুরোধ করতে গেলে পুলিশ মিউচুয়াল (মধ্যস্থতা) করতে বলেছে।’