লিমনকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে মানবাধিকার কমিশনের প্রশ্ন
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) আয়োজিত সাংবাদিক পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। মিজানুর রহমান হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ‘একজন রোগীকে কোনো চিকিত্সক রাতের আঁধারে ছেড়ে দিতে পারেন কি? “মোটামুটি” সুস্থ বলে কোনো শব্দ চিকিত্সা শাস্ত্রে আছে? রোগীর ছাড়পত্র রোগীকে না দিয়ে পুলিশের কাছে দেওয়া হলো কেন? পরিচালকের পদ কী এতই মোহনীয় যে একজন চিকিত্সাধীন পঙ্গু রোগীকে এভাবে হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে?’ প্রধান বিচারপতির কাছে মিজানুর রহমান প্রশ্ন করেন, একজন কিশোরকে কারাগারে পাঠানো যায় কি না? এতে ১৯৭৪ সালের আইনটির লঙ্ঘন হয় কি না? প্রসঙ্গত, লিমন গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে আহত হয়। সে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন ছিল। কিন্তু গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে পুলিশ তাকে ঝালকাঠি কারাগারে নিয়ে যায়।