লিমনের মনে অনেক প্রশ্ন, অনেক কষ্ট।সবাই আসল পা নিয়ে কত সুন্দর হাঁটছে। আর তার নকল পা। তার গ্রামে যে কাদা-পানি, এই কৃত্রিম পা নিয়ে সে কীভাবে হাঁটবে, কীভাবে কলেজে যাবে? এভাবে দুটি মামলার হাজিরা দিতে হচ্ছে। বাড়ি যেতেও তার ভয়। সুস্থ হলেও তাকে হাসপাতালে পড়ে থাকতে হচ্ছে। সুস্থ মানুষ কীভাবে হাসপাতালে থাকে?’লিমন গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কাছে পেয়ে কাঁদতে কাঁদতে জীবনের দুর্দশাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলে।কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান লিমনের এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি লিমনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। বলেন, ‘তুমি ধৈর্য ধরো। দেশ থেকে তো আর ন্যায়বিচার উঠে যায়নি।’গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির পাশেই র্যাবের গুলিতে পা হারায় লিমন। এরপর র্যাব লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করে। পরে লিমনের মা তাঁর ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করেন।লিমনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে চললেও লিমনের মায়ের করা মামলা এগোচ্ছে না। অভিযুক্ত র্যাব সদস্যরা আগের কর্মস্থলেই বহাল তবিয়তে আছেন। আর তদন্ত কর্মকর্তা জানেনই না, হত্যাচেষ্টার আসামিরা কোথায়।এ বিষয়ে জানতে চাইলে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়টি র্যাবের বরিশালের লোকাল ব্যাটালিয়ন দেখছে। আপনারা তাদেরই জিজ্ঞেস করুন।’লিমনের পরিবার বলছে, অস্ত্র মামলায় রাজাপুর থানার পুলিশ ৩০ দিনের মধ্যে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। কিন্তু মা হেনোয়ারা বেগমের করা মামলার পাঁচ মাস পার হলেও পুলিশ আদালতে কোনো প্রতিবেদনই দাখিল করেনি।ন্যায়বিচার উঠে যায়নি: গতকাল রোববার দুপুরে কৃত্রিম পায়ে হেঁটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে লিমন। সঙ্গে ছিলেন মা হেনোয়ারা বেগম ও বাবা তোফাজ্জেল হোসেন। তাঁদের বসতে দেওয়া হয় কমিশনের সম্মেলনকক্ষে। চেয়ারম্যান মিজানুর রহমান সম্মেলনকক্ষে ঢোকামাত্র লিমন তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তখন তার মা-বাবাও কাঁদতে থাকেন।কাঁদতে কাঁদতে জীবনের দুর্দশাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলে লিমন। ‘সবাই আসল পা নিয়ে কত সুন্দর হাঁটতেছে। আর আমি নকল পা দিয়ে কষ্ট করে হাঁটি। আমার গ্রামে তো চারদিকে কাদা-পানি। আমি এই পা নিয়ে কীভাবে সেখানে হাঁটব? তার ওপর দুইটা মামলার হাজিরা দিতে হচ্ছে। ওদের (র্যাবের কথিত সোর্স) ভয়ে বাড়িও যাইতে পারতেছি না। সুস্থ হয়ে হাসপাতালে পড়ে রইছি। সুস্থ মানুষ কি হাসপাতালে থাকে, স্যার?’কমিশনের চেয়ারম্যান লিমনের এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি লিমনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। বলেন, ‘তুমি ধৈর্য ধরো। দেশ থেকে তো আর ন্যায়বিচার উঠে যায়নি। ন্যায়বিচারের পরিপন্থী কিছু হলে আমরা উচ্চ আদালতে দাঁড়াব তোমার জন্য। কিন্তু মামলাগুলোর একটা আইনি প্রক্রিয়া আছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই মিথ্যা মামলাগুলো থেকে যেন তুমি অব্যাহতি পেতে পারো, আগের মতো লেখাপড়া করতে পারো। দেশের শুভবুদ্ধির সব মানুষ তোমার সঙ্গে আছে।’পরে মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘লিমন কৃত্রিম পায়ে ভর দিয়ে হেঁটে এখানে এসেছে। আমরা আবেগাপ্লুত হয়ে পড়েছি। এটা তার নতুন জীবনের পথে পা বাড়ানো।’চেয়ারম্যান বলেন, ‘এখন পর্যন্ত সরকারি কোনো তদন্তেই লিমনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো দুটি মামলা করা হয়েছে। আশা করি, নিম্ন আদালত থেকেই লিমন ন্যায়বিচার পাবে। তাকে সাজানো মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হবে। যদি তা না হয়, তাহলে মানবাধিকার কমিশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ আদালতে লিমনকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে। আমার বিশ্বাস, উচ্চ আদালত থেকে আমরা খালি হাতে ফিরব না।’যাঁরা লিমনের এ দুরবস্থার জন্য দায়ী, তাঁদের বিচার হবে কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, অবশ্যই তাঁদের আইনের মুখোমুখি হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে, ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রের উচিত হবে তাঁদের আইনের মুখোমুখি করে প্রাপ্য শাস্তি দেওয়া। তা না হলে বিষয়টি প্রতিষ্ঠিত হবে যে অন্যায় করেও পার পাওয়া যায়।লিমনের নিরাপত্তা নিয়ে শঙ্কা: লিমনের বাবা তোফাজ্জেল হোসেন বলেন, র্যাবের সোর্স লিডার ইব্রাহিম, মানিক জমাদ্দার, ট্যারা কালাম, বাদশা জমাদ্দার—এরা নানাভাবে হুমকি দিচ্ছে। তারা বলছে, এখন লিমনের পাশে গণমাধ্যমসহ প্রভাবশালীরা আছে। লিমন বাড়ি ফিরলেই তার ‘খেলা ফাইনাল করা হবে’। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।এ বিষয়ে লিমন জানায়, সে আবার কলেজে গিয়ে লেখাপড়া করতে চায়। কিন্তু এখন গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করা সম্ভব হবে না। তারা নানাভাবে হুমকি দিচ্ছে। ঢাকায় বা অন্য কোথাও থেকে লেখাপড়া করার আর্থিক সংগতিও তার নেই।তবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যেদিন লিমন বাড়ি যাবে, সেদিনই স্থানীয় প্রশাসনকে সজাগ করে দেওয়া হবে। লিমনের নিরাপত্তার কোনো ঘাটতি হলে, কোনো হুমকি এলে তার দায় স্থানীয় প্রশাসনকে নিতে হবে।হত্যাচেষ্টা মামলা গতিহীন: লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে তার মায়ের করা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। মামলার বাদী লিমনের মা বলেন, ‘চার্জশিট অয় নাই, থানায় গ্যালে দারোগা হালিম খালি কয়, তদন্ত চলছে।’ এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হালিম তালুকদার বলেন, লিমন হত্যাচেষ্টা মামলার আসামি র্যাব সদস্যরা কোথায়, তিনি জানেন না।ফৌজদারি মামলা দায়ের হলে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হয়। কিন্তু লিমনের মায়ের মামলার ক্ষেত্রে তা করা হয়নি কেন, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, অভিযুক্তরা সরকারি কর্মচারী। তাঁরা র্যাবে চাকরি করেন। তাই তাঁদের গ্রেপ্তারের চেষ্টা না করে র্যাব-৮-এর অধিনায়ক বরাবরে মামলার বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ আন্তরিক কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের আইনের আওতায় আনার পদক্ষেপ হিসেবেই অধিনায়ক বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে।এ বিষয়ে র্যাব-৮-এর অধিনায়কের বক্তব্য জানার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।হত্যাচেষ্টা মামলার আসামিরা হলেন: র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎ ফর রহমান, করপোরাল মাজহারুল ইসলাম, কনস্টেবল আবদুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, নায়েক প্রহ্লাদ চন্দ্র ও সৈনিক কার্তিক কুমার বিশ্বাস।লিমনের মামলার সর্বশেষ অবস্থা প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন, র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় পুলিশ ইতিমধ্যে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এর আদালতে তা বিচারাধীন। আগামী ২১ নভেম্বর অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।আর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় গতকালও পুলিশি প্রতিবেদন জমা হয়নি। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য ছিল। আদালতের বিচারক নুসরাত জাহান ১৬ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম বলেন, তদন্ত অব্যাহত রয়েছে। কাজ শেষ হলেই প্রতিবেদন জমা দেওয়া হবে।