লিমনের ওপর হামলার সত্যতা পেয়েছে পুলিশ
র্যারেব গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন, তার মা ও ভাইয়ের ওপর ঈদের দিন র্যারেব সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদারের হামলার অভিযোগ সঠিক বলে প্রমাণ পেয়েছে পুলিশ। ওই ঘটনায় লিমনের মায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত শেষে রাজাপুর থানার উপপরিদর্শক বাদল ফকির আজ সোমবার প্রতিবেদন জমা দিয়েছেন।পুলিশ সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, ২০ আগস্ট ঈদের দিন বিকেলে জিডির বাদী হেনোয়ারা বেগম তাঁর ছেলে লিমন ও সুমনসহ ইঁদুরবাড়ি সেতুসংলগ্ন শাফায়েতের দোকানের সামনে অপেক্ষা করছিলেন। ওই পথ দিয়ে লিমনের খালা, খালাতো ভাই সোহাগ ও তাঁর স্ত্রীসহ কয়েকজন সাতুরিয়ার দিকে যাচ্ছিলেন। তাঁরা সেতুর ওপর ছবি তোলেন। ওই সময় ইব্রাহিম এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। লিমন, সুমন ও তাদের মা হেনোয়ারা বেগম গালিগালাজ করতে নিষেধ করেন। তখন ইব্রাহিম সুমনকে কিল-ঘুষি ও লিমনকে চড়-থাপড় মারতে থাকেন। এ সময় হেনোয়ারা বেগম ইব্রাহিমের জামার কলার ধরলে তাঁকেও ইব্রাহিম কিল-ঘুষি ও ধাক্কা মারেন। স্থানীয় লোকজন এসে (সাক্ষীরা) তাঁদের থামান। ইব্রাহিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬(২) ধারায় প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে আসামি ইব্রাহিমের প্রতি সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সার্কেল) আ ফ ম আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনটি তাঁর কার্যালয়ে জমা পড়েছে। আগামীকাল মঙ্গলবার সেটি আদালতে জমা দেওয়া হবে।