লিমনের কৃত্রিম পা লাগানো হবে আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হবে আগামী মাসে। ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মো. শহীদুল্লাহর অধীন লিমন চিকিৎসাধীন আছে। তাকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। হাসপাতালের আবাসিক সার্জন সোহেল আলী প্রথম আলোকে বলেন, ‘লিমনের কাটা পায়ের ইনফ্লেম টিস্যু এখনো পুরোপুরি শুকায়নি। তাই কৃত্রিম পা লাগানোর জন্য আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।’পঙ্গু হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহায়তায় গত ১০ জুন লিমন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়। শুরু থেকেই মানুষের আর্থিক সহায়তায় লিমনের চিকিৎসা চলছে। চিকিৎসায় সহায়তার জন্য তাঁর মায়ের নামে ডাচ্-বাংলা ব্যাংকে একটি হিসাব খোলা হয়। তাতে এ পর্যন্ত এক লাখ ৪১ হাজার টাকা জমা পড়েছে। লিমনের চিকিৎসা ও শিক্ষা-সহায়তার জন্য ব্যাংক হিসাবটি (হেনোয়ারা বেগম, সঞ্চয়ী হিসাব নং-১৪৮১০১২৯১৫৭০, ডাচ্-বাংলা ব্যাংক) এখনো সচল রয়েছে।আসকের পরিচালক (তদন্ত) মো. নূর খান প্রথম আলোকে বলেন, কিশোর বয়সে বিনা কারণে র‌্যাবের গুলিতে পঙ্গু হয়েছে, এ ধাক্কা কাটিয়ে উঠতে লিমনের আরও সময় লাগবে। তার ওপর দুটি মিথ্যা মামলা, নিরাপত্তাহীনতা, আর্থিক অনটন—সব মিলিয়ে সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্তও। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সরকার লিমনের চিকিৎসায় কোনো সহায়তা করেনি। লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা মামলা দুটির ফয়সালা না হওয়া পর্যন্ত আসক লিমনকে আইনি সহায়তা দিয়ে যাবে।এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: হাসপাতালের বিছানাতেই লেখাপড়া শুরু করেছে লিমন। সে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চায়।ঝালকাঠির কাঁঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র লিমন গত বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। সে গতকাল প্রথম আলোকে বলে, ‘পরীক্ষার মাত্র ১১ দিন আগে র‌্যাব আমাকে গুলি করে পঙ্গু করে দেয়। তাই আর পরীক্ষা দিতে পারিনি। এখন আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা শুরু করেছি।’ লিমনের কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আগামী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে হলে লিমনকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে পুনরায় কলেজে ভর্তি হতে হবে। ও যাতে আগামীবার পরীক্ষা দিতে পারে, সে জন্য কলেজ কর্তৃপক্ষ সহযোগিতা করবে।’মামলার অগ্রগতি নেই: লিমনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর মা হেনোয়ারা বেগম বাদী হয়ে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেছেন। এরপর তিন মাস পার হয়ে গেলেও মামলাটির তদন্তে কোনো অগ্রগতি নেই এবং আসামিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন হেনোয়ারা বেগম। তিনি বলেন, ‘এসপি স্যারের কাছে দরখাস্ত দিছি। হেতেও কোনো কাম অয় নাই। হেগো দারে গ্যালে খালি কয় তদন্ত চলছে।’জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্তের এ পর্যায়ে আসামিদের গ্রেপ্তারের মতো কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।’ তাঁর দাবি, তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই।হেনোয়ারা বেগমের অভিযোগ, লিমনকে গুলি করার পর র‌্যাব বাদী হয়ে উল্টো লিমনের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করেছে। পুলিশ তড়িঘড়ি করে অস্ত্র মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। কিন্তু হেনোয়ারার মামলাটি পুলিশ নিতে চায়নি। পরে আদালতের দুই দফা নির্দেশের পর বাধ্য হয়ে মামলা নিয়ে ফেলে রেখেছে।আদালত সূত্রে জানা গেছে, র‌্যাবের করা অস্ত্র মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ ১৫ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে। সরকারি কাজে বাধাদানের অভিযোগে র‌্যাবের করা অন্য মামলাটি এখনো তদন্তনাধীন।গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে নিজ বাড়ির কাছে মাঠ থেকে গরু আনতে গেলে র‌্যাবের অভিযানের মুখে পড়ে লিমন। লিমনের অভিযোগ, র‌্যাব তাকে ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।