র্যাবের গুলিতে কলেজছাত্র লিমন হোসেনের পা হারানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। কমিটির প্রধান শওকত আকবর বলেছেন, ‘এটা ফৌজদারি বিষয় এবং এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। এ জন্য তদন্ত না করে অনুসন্ধান করা হয়েছে।’ আজ সোমবার বেলা আড়াইটার দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবাল খান চৌধুরীর কাছে প্রতিবেদন জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।শওকত আকবর বলেন, মানবাধিকার কমিশনের অনুরোধে এ কমিটি করা হয়। এক সদস্যবিশিষ্ট হলেও পুরো বিষয়টি অনুসন্ধান করা হয়। প্রতিবেদন করতে গিয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া হয়েছে। অনুসন্ধানের ধরনও ছিল উন্মুক্ত। তবে সুনির্দিষ্টভাবে সাক্ষ্য নেওয়া হয়নি। লিখিতভাবে জবানবন্দি নেওয়া হয়েছে।তদন্ত প্রতিবেদনটি গ্রহণযোগ্য হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে গ্রহণযোগ্য হবে কি না। তবে তিনি জানান, সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছেন।প্রতিবেদনটি হাতে নিয়ে ইকবাল খান চৌধুরী বলেন, এ প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশবাসীর অনেক আগ্রহ রয়েছে। তবে প্রতিবেদনের কী রয়েছে, সে ব্যাপারে তিনি তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তিনি জানান, তদন্ত প্রতিবেদনটি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর কাছে জমা দেবেন। প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত দেবেন।