লিমনের ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত চায় অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে কলেজছাত্র লিমন হোসেন পঙ্গু হওয়ার ঘটনার সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ তদন্ত প্রত্যাশা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় কর্মসূচির উপপরিচালক মাধু মালহোত্রা আজ বুধবার ঢাকায় লিমনকে দেখতে এসে এ কথা বলেন।রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন পঙ্গু লিমনকে দেখতে বিকেলে হাসপাতালে যান অ্যামনেস্টির দুজন প্রতিনিধি। মাধু মালহোত্রার সঙ্গে ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক অ্যান্ড্রু অ্যারুইটি। তাঁরা লিমনের বর্তমান অবস্থার খোঁজখবর নেন এবং মালহোত্রা একান্তে লিমনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।এ সময় মাধু মালহোত্রা বলেন, তাঁরা জানতে পেরেছেন, এখন পর্যন্ত কয়েকটি তদন্ত হয়েছে। কিন্তু সেখানে বৈপরীত্য আছে। তিনি এ ঘটনার গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শত শত ঘটনা আছে। শত শত পরিবার ন্যায়বিচারের আশায় আছে। লিমনের ঘটনাই একমাত্র ঘটনা, যে ঘটনার সঠিক বিচার করে জনগণের মাঝে যে অনাস্থা-অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর করা যাবে। সরকারের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময় ও সুযোগ।অ্যামনেস্টির এই প্রতিনিধি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অনেক র‌্যাবের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁরা এ ধরনের সুনির্দিষ্ট কোনো ঘটনা পাননি।লিমন অ্যামনেস্টির প্রতিনিধিদের বলে, সে বড় হয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায়। প্রতিনিধিদলটি লিমনের ইচ্ছা পূরণ, তার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যাপারে সহায়তা করার আশ্বাস দেয়।লিমন প্রতিনিধিদলের কাছে অভিযোগ করে বলেছে, ‘আমি কার কাছে বিচার চাইব? প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেছেন, আমি, আমার মা, বাবা সবাই সন্ত্রাসী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য।’ নিরপেক্ষ তদন্ত হলে তার প্রতিবেদন প্রকাশ করা হবে না বলেও লিমন আশঙ্কা প্রকাশ করে।পরে লিমন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কাছে তার একটাই দাবি, সে যেন ন্যায়বিচার পায়। সে বলেছে, ‘আমি যদি দেশের দুশমন হই, তাহলে আমার বিচার হোক। অথবা যারা আমাকে ধরে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করল, তাদের বিচার যেন হয়।