লিমনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে: আইজিপি
ঝালকাঠির লিমনের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে তা এবং দাউদকান্দিতে ক্রসফায়ারে সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ সদর দপ্তরের সম্মেলনকেন্দ্রে আয়োজিত বাংলা নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন। র্যাবের ঘটনা র্যাব কেন তদন্ত করছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বাহিনীর কর্মকর্তাদের ওপর আস্থা আছে। আমি আশা করি তারা নিরপেক্ষ তদন্ত করবে।’ পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, লিমনের ব্যাপারে পত্রপত্রিকায় প্রতিবেদন হয়েছে। আবার এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী থেকে একটি ভাষ্য এসেছে। ওই দুটি ভাষ্যের মধ্যে পার্থক্য আছে। বিষয়টি বিচারাধীন, এটি আদালতের নজরে এসেছে। এ ক্ষেত্রে আদালতেরও একটি বক্তব্য থাকবে। জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে অবশ্যই তার বিচার হবে। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে পুলিশের আইজিপি ছাড়াও র্যাবের মহাপরিচালক, এসবির প্রধান, ডিএমপি কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।