লিমনের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি নাগরিক সমাজের
কলেজছাত্র লিমন হোসেনের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও সুচিকিৎসার দাবি জানিয়েছে ঝালকাঠির সচেতন নাগরিক সমাজ। গতকাল শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নাগরিক সমাজের ব্যানারে মূলত জেলা আওয়ামী লীগের নেতারা এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন, আওয়ামী লীগের সদস্য রাজাপুর উপজেলার চেয়ারম্যান মিলন মাহমুদ। আওয়ামী লীগের স্থানীয় আরও কয়েকজন নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ দাবি করেন, সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের এক সহযোগীর নাম লিমন। র্যাব-৮ ওই লিমনকে ধরতে অভিযান চালিয়েছিল। কিন্তু যে লিমন গুলিতে আহত হয়েছে, সে মোরশেদের সহযোগী নয়। ওই লিমন যে কলেজছাত্র, হয়তো র্যাব তা বুঝতে পারেনি। তবে ঘটনাটি দুঃখজনক। তিনি বলেন, এ ঘটনার পর র্যাব ও পুলিশের অভিযান বন্ধ হয়ে গেলে এলাকায় সন্ত্রাসী মোরশেদ ও তার সহযোগীরা মাথা চাড়া দিয়ে উঠবে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই মাদক ও সন্ত্রাস দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকতে হবে। তিনি বলেন, অভিযান চালাতে গিয়ে যদি কোনো নির্দোষ ব্যক্তি আহত হয়, তাহলে সরকার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে।লিখিত বক্তব্যে নাগরিক সমাজের আহ্বায়ক দুলাল সাহা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অভিযানে গেলে অনেক ঘটনাই ঘটতে পারে। এসব ঘটনার সঠিক তদন্ত করতে হবে।চার পরিবার বাড়িছাড়া: গ্রামবাসীর অভিযোগ, ঝালকাঠির সাতুরিয়া গ্রামে র্যাব কলেজছাত্র লিমনকে গুলি করার পর ঘটনাস্থলের আশপাশের চারটি পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। র্যাবের হুমকিতে পরিবারগুলো চলে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তাঁরা। ধারণা করা হচ্ছে, গণমাধ্যম যাতে এসব পরিবারের সদস্যদের কোনো বক্তব্য নিতে না পারে, তাই পরিকল্পিতভাবে এদের এলাকাছাড়া করা হয়েছে।ঘটনাস্থল থেকে ১৫-২০ হাত পেছনে শহীদ জমাদ্দারের বাড়ি। কাঠের বেড়ার ওপর টিনের চালাঘর। গতকাল গিয়ে দেখা যায়, শহীদ জমাদ্দারের ঘরটি তালাবদ্ধ। ঘরের সামনের মাটির চুলাগুলো ভাঙা। পাশে মাটির হাঁড়ি-কলসির ভাঙা টুকরো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। লিমনকে গুলি করার পর র্যাব এই বাড়িতে ঢুকে এই ভাঙচুর করে।গতকাল শনিবার দুপুরে লিমনদের বাড়ি থেকে এক কিলোমিটার দক্ষিণে জমাদ্দার বাড়ি সেতুর পাশে পোশাকধারী ৮-১০ জন র্যাব সদস্যকে টহল দিতে দেখা গেছে। তাঁদের সঙ্গে সাদা পোশাকে রয়েছেন আরও কয়েকজন র্যাব সদস্য। লিমনকে যে স্থানে গুলি করা হয়েছিল, গতকাল দুপুর একটার দিকে সেখানেও সাদা পোশাকে ছয়-সাতজন র্যাব সদস্যকে দেখা যায়। সেখানে তাঁরা তাঁদের মনোনীত কয়েকজন লোকের বক্তব্য ভিডিওতে ধারণ করছিলেন।এলাকাবাসীর অভিযোগ, সাতুরিয়া ও পাশের গ্রাম নৈকাঠিতে সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের কয়েক সহযোগী রয়েছে। তারা এখন র্যাবের সোর্স হিসেবে কাজ করছে এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য র্যাবকে ব্যবহার করছে।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গতকাল বিকেলে লিমনদের বাড়িতে যান। তাঁরা লিমনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মীরা সাতুরিয়া গ্রামের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পূর্বাপর বক্তব্য নিয়েছেন। সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থাও ঘটনাটি তদন্ত করছে।গত ২৩ মার্চ র্যাব-৮-এর সদস্যরা ঝালকাঠির রাজাপুর উপজেলার পুরাতন জমাদ্দারহাটের সেতু থেকে লিমনকে ধরে ২০ গজ দূরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে আহত লিমনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।যে কারণে পা কেটে ফেলা হলো: রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে লিমনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওই হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গুলিতে লিমনের পায়ের শিরা ছিঁড়ে গিয়েছিল। এ কারণে তার অস্ত্রোপচার জরুরি ছিল। এখানে সে ব্যবস্থা না থাকায় পরদিন তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।ঢাকায় যোগাযোগ করা হলে পঙ্গু হাসপাতালের পরিচালক আব্দুল আওয়াল রিজভী বলেন, লিমনের পায়ের রক্তনালি ও মাংসপেশি অকেজো হয়ে যাওয়ায় সেখানে পচন ধরেছিল। এ কারণে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। পরে পরিবারের অনুমতি নিয়ে তার পা কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ভাসকুলার সার্জনরা ডুপ্লেক্স (রক্তসঞ্চালন যাচাই-সংক্রান্ত পদ্ধতি) পরীক্ষার মাধ্যমে রক্তনালির কার্যকারিতা সম্পর্কে অবহিত হন। অকেজো হয়ে গেলে তাঁরা তা সচল করেন। লিমনের ক্ষেত্রে সময় বেশি অতিবাহিত হওয়ায় তা সচল করা যায়নি।লিমনের চিকিৎসাপত্রের তথ্য অনুযায়ী, গুলির প্রবেশের পরিমাপ দৈর্ঘ্য ও প্রস্থ ২ সেন্টিমিটার করে। অন্যদিকে বের হওয়ার পরিমাপ আড়াই সেন্টিমিটার করে।ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসক মো. আবদুস সালাম জানান, কোনো রোগীর রক্তনালি আঘাতপ্রাপ্ত হওয়ার ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত সময় খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে হয়। না হলে রক্তনালি সচল (রিপেয়ার) করা যায় না। লিমন আঘাতপ্রাপ্ত হওয়ার পর অধিকাংশ সময় বরিশালে অতিবাহিত হওয়ায় রক্তনালি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। তাই একে আর সচল করা যায়নি।