লিমনের ঘটনায় প্রয়োজনে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘লিমনের ঘটনায় প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হবে। তবে র্যাবের নিজস্ব বিভাগীয় তদন্ত দল রয়েছে, তারাও তদন্ত করতে পারে।’ আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন লিমন হোসেনের ঘটনা দ্রুত তদন্তের জন্য অনুরোধ জানিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। কমিশনের সচিব সামসুজ্জামান ভূঁইয়া নিজে গিয়ে চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘এই ঘটনা গুরুতর ও চরম মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার কমিশন এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন আগামী ১৯ এপ্রিলের মধ্যে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।’এর আগে গতকাল বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান লিমনকে পঙ্গু হাসপাতালে দেখতে যান। তিনি এ ঘটনার দ্রুত তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।প্রসঙ্গত, লিমন হোসেনের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে। তাঁর বাবা একজন দিনমজুর। সে কাঁঠালিয়া পিজিএস কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত ২৩ মার্চ বিকেলে লিমন মাঠ থেকে গরু আনতে বাড়ির বাইরে যায়। পথে স্থানীয় শহীদ জমাদ্দারের বাড়ির সামনে র্যাব-৮-এর একটি দল তাকে সামনে পেয়ে শার্টের কলার ধরে নাম জিজ্ঞেস করে। লিমন নিজেকে ছাত্র বলে পরিচয় দেয়। কিন্তু র্যাবের এক সদস্য কথাবার্তা ছাড়াই তার বাঁ-পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে দেন। পঙ্গু হাসপাতালে আনলে চিকিত্সকেরা তার পা কেটে ফেলে দেন।এ নির্মমতার খবর গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত হলে দুই শতাধিক পাঠক প্রথম আলোর অনলাইনে তাদের প্রতিক্রিয়া জানায়। অনেকে ফোন করে পত্রিকা অফিসে। তারা সবাই ঘটনার নিন্দা জানায়, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করে।তবে র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল গতকাল র্যাব সদর দপ্তরে টেলিভিশন সাংবাদিকদের বলেছেন, ‘এ রকম একটি পরিস্থিতিতে যেকোনো পক্ষের কেউ আহত বা নিহত হতে পারে। কিন্তু আল্লাহর রহমতে কেউ নিহত হয়নি, একজন গুলিবিদ্ধ হয়েছে।’